AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mushtaq Khan death: ‘কোটিপতিদের পার্টিতে যাওয়ার সময় আছে, আর…’, মুস্তাকের শেষযাত্রায় বলি-তারকাদের তুলোধোনা রাজা মুরাদের

Mushtaq Khan funeral: ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুস্তাক খানের। তবে তাঁর শেষযাত্রায় বলিউডের বড় তারকাদের দেখা না মেলায় ক্ষোভ উগরে দিলেন রাজা মুরাদ। তাঁর প্রশ্ন, কোটিপতিদের অনুষ্ঠানে যাওয়ার সময় থাকলেও, সহকর্মীর জন্য কেন ৫০ মিনিট সময় পেলেন না তারকারা?

Mushtaq Khan death: 'কোটিপতিদের পার্টিতে যাওয়ার সময় আছে, আর...', মুস্তাকের শেষযাত্রায় বলি-তারকাদের তুলোধোনা রাজা মুরাদের
কী বলেছেন তিনি?
| Updated on: Sep 27, 2026 | 1:10 PM
Share

রাজা মুরাদ (Raza Murad) ফের একবার বলিউডের সমীকরণ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন। রুপোলি পর্দায় যাঁরা একসঙ্গে কাজ করেন, তাঁরা কি সত্যিই একে অপরের কাছের? নাকি ক্যামেরা বন্ধ হলেই সব সম্পর্ক শেষ? সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেতা মুস্তাক খান। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তাঁর শেষযাত্রায় বলিউডের প্রথম সারির কোনও তারকার দেখা মেলেনি। আর তাতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ।

কী বলেছেন তিনি?

গত ২৪ সেপ্টেম্বর মারা গিয়েছেন অভিনেতা মুস্তাক খান। অক্ষয় কুমারের সুপারহিট ছবি ‘ওয়েলকাম’-সহ একাধিক সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে হার মানতে হয় তাঁকে। গত ২৫ সেপ্টেম্বর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু সেই শেষযাত্রায় বলিউডের চেনা মুখেরা কোথায়? যাঁরা তাঁর সঙ্গে দিনের পর দিন কাজ করেছেন, তাঁরা কেন শেষবার শ্রদ্ধা জানাতে এলেন না?

শনিবার সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন রাজা মুরাদ। সেই ভিডিয়োতে একদিকে যেমন মুস্তাক খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি, তেমনই বলিউডের বড় তারকাদের তুলোধোনা করেছেন। ক্ষোভ উগরে দিয়ে রাজা মুরাদ প্রশ্ন তোলেন, “কোটিপতিদের বিভিন্ন অনুষ্ঠানে বা জমকালো পার্টিতে উপস্থিত থাকার জন্য অনেকেই সময় বের করেন, অথচ একজন দীর্ঘদিনের সহকর্মীর শেষযাত্রায় যোগ দিতে ৫০ মিনিট সময়ও কেউ বের করতে পারলেন না!”

রাজা মুরাদ তাঁর বার্তায় আরও উল্লেখ করেন যে, মুস্তাক খান কেবল নিজের কাজের ও প্রতিভার জোরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছেন, ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করার পর একজন গুণী অভিনেতার শেষ বিদায়বেলায় কেন কোনও বড় মুখ দেখা গেল না? এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলিউডের আসল রূপটা ঠিক কেমন।

কারা এসেছিলেন শেষ শ্রদ্ধা জানাতে?

অবশ্য বলিউডের প্রথম সারির তারকারা না এলেও, মুস্তাক খানের শেষকৃত্যে রাজপাল যাদব, অনু কপূর এবং গজেন্দ্র চৌহানের মতো অভিনেতারা উপস্থিত থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। রাজা মুরাদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নেটদুনিয়াতেও রীতিমতো শোরগোল পড়েছে। সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন, ক্যামেরার সামনের সম্পর্কগুলো কি তবে সত্যিই মেকি? মুস্তাক খানের মতো একজন অভিনেতার এমন বিদায় যে ইন্ডাস্ট্রির অন্দরে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।

Follow Us