AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কলিং বেল বাজলেই মনে হয় ধরে নিয়ে যাবে!’ সুশান্তের মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন রিয়া

অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে এক বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন। রিয়া জানিয়েছেন, সেই ট্রাজেডির পর থেকে তিনি আজও ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ (PTSD)-এ ভুগছেন। শুধু তিনিই নন, তাঁর ভাই শোভিক চক্রবর্তী এবং গোটা পরিবারকেও একই ধরনের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

'কলিং বেল বাজলেই মনে হয় ধরে নিয়ে যাবে!' সুশান্তের মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন রিয়া
| Updated on: Jun 26, 2026 | 3:52 PM
Share

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর কেটে গিয়েছে দীর্ঘ পাঁচটি বছর। সেই ঝড়ঝাপটা সামলে এখন নতুন করে জীবনকে গুছিয়ে নেওয়ার লড়াই চালাচ্ছেন তাঁর তৎকালীন প্রেমিকা তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে এক বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন। রিয়া জানিয়েছেন, সেই ট্রাজেডির পর থেকে তিনি আজও ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ (PTSD)-এ ভুগছেন। শুধু তিনিই নন, তাঁর ভাই শোভিক চক্রবর্তী এবং গোটা পরিবারকেও একই ধরনের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদীর জনপ্রিয় চ্যাট শো ‘ডাবল ডেট’-এ ভাই শোভিককে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন রিয়া। সেখানে বিগত কয়েক বছরের ভয়ংকর ট্রমা থেকে তাঁরা বেরোতে পেরেছেন কি না, জানতে চাওয়া হলে রিয়া স্পষ্ট জানান, এই ধরনের অভিজ্ঞতা থেকে পুরোপুরি সেরে ওঠা সম্ভব নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।

রিয়া বলেন, “এ এমন একটা জিনিস যা থেকে আপনি কখনওই পুরোপুরি বেরোতে পারবেন না। এটা একটা ট্রমা। মনের মধ্যে না থাকলেও, এই ট্রমা আপনার শরীরের ভেতরে থেকে যায়।” একই সঙ্গে তিনি জানান যে, থেরাপি এবং সঠিক চিকিৎসার মাধ্যমেই তাঁরা এখন এই পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছেন।

গোটা বিষয়টি যেভাবে সংবাদমাধ্যম এবং জনসাধারণের সামনে এসেছিল, তা তাঁদের লড়াইকে আরও কঠিন করে তুলেছিল বলে মনে করেন রিয়া। তাঁর কথায়, “আমাদের জীবনটা যেহেতু জনসমক্ষে চলে এসেছিল, তাই সবাই এটা নিয়ে কথা বলত, চর্চা করত। আর সেটাই স্বাভাবিক।” উল্লেখ্য, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক সংক্রান্ত তদন্তের জেরে রিয়া এবং শোভিক— দুজনকেই গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।

সেই ঘটনার পর কীভাবে রাতারাতি তাঁদের জীবন বদলে গিয়েছিল, তা নিয়ে মুখ খুলেছেন শোভিক চক্রবর্তীও। তিনি জানান, এই বিতর্কের আগে তাঁর জীবন সম্পূর্ণ অন্যরকম ছিল। তিনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (IIM) কিংবা হোয়ার্টন স্কুলের মতো বিশ্বখ্যাত বিজনেস স্কুলে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আচমকাই জীবনের মোড় সম্পূর্ণ ঘুরে যায়, যার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না।

শোভিক জানান, জীবনে কিছুটা স্বাভাবিক ছন্দ ফিরে পেতে তাঁদের প্রায় চার থেকে পাঁচ বছর সময় লেগেছে, যদিও মানসিক ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। নিজের পিটিএসডি (PTSD) নিয়ে কথা বলতে গিয়ে শোভিক এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, “আমি এখনও পিটিএসডি-র মধ্য দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনলে আমি অতীতে ফিরে যাই। সেই সময়ে চারপাশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, কলিং বেল বাজলেই মনে হতো এই বুঝি কেউ আমাদের ধরতে এলো।”

কাজের ফ্রন্টে, রিয়া চক্রবর্তীকে শেষবার ২০২১ সালে অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমির সঙ্গে ‘চেহ্রে’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। এর আগে তিনি ‘জলেবি’ (২০১৮) এবং ‘মেরে ড্যাড কি মারুতি’ (২০১৩)-র মতো ছবিতে কাজ করেছেন।

Follow Us