AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rhea Chakraborty cryptic note: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় বছর পর নিজেকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রিয়া, চিন্তায় অনুরাগীরা

Rhea Chakraborty social media break: ২০২০ সালের জুনে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর জীবন আক্ষরিক অর্থেই পুরোপুরি বদলে গিয়েছে। সেই বছরের সেপ্টেম্বরে মাদক সংক্রান্ত একটি মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) তাঁকে গ্রেফতার করে। রিয়ার জীবনে ফের কীসের ঝড়?

Rhea Chakraborty cryptic note: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় বছর পর নিজেকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রিয়া, চিন্তায় অনুরাগীরা
হঠাৎ কী হল?Image Credit: tv9 network
| Updated on: May 20, 2026 | 8:56 AM
Share

গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের আড়ালে যে মানসিক অবসাদের অন্ধকার লুকিয়ে থাকে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আচমকাই এক রহস্যময় পোস্ট করে তিনি তাঁর অসংখ্য অনুরাগী ও নেটিজেনদের রীতিমতো চিন্তায় ফেলেছেন। একটি দীর্ঘ পোস্টে তিনি স্পষ্ট জানিয়েছেন, সোশাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য সম্পূর্ণ বিরতি নিচ্ছেন। কিন্তু হঠাৎ কী হল? কেন এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী?

রিয়ার শেয়ার করা পোস্ট থেকে জানা গিয়েছে, অনলাইন দুনিয়ার এই অবিরাম ‘কোলাহল’ তাঁর কাছে অত্যন্ত ভারী ও ক্লান্তিকর মনে হচ্ছে। সোশাল মিডিয়ায় স্ক্রল করার ইঁদুরদৌড় আর নিজেকে নিখুঁত প্রমাণ করার প্রতিযোগিতায় তিনি যেন কোথাও নিজেকেই হারিয়ে ফেলেছেন। নিজের মনের ভাব প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, “সম্প্রতি আমি নিজেকে বড্ড মিস করছি। চারপাশের এই অবিরাম আওয়াজ, অনবরত স্ক্রল করা, সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে চলা, এই সব কিছুই আমার ধারণার চেয়েও অনেক বেশি দমবন্ধ করা হয়ে উঠেছে। কোনও মুহূর্ত লেন্সবন্দি করার কথা না ভেবে, নির্ভেজাল ভাবে সেই মুহূর্তটাতে বাঁচার অনুভূতি আমি মিস করছি। মিস করছি শান্ত নিস্তব্ধতা। কোনও চাপ ছাড়া, শুধু নিজের মতো থাকাটাকে আমি ভীষণভাবে মিস করছি।”

ভার্চুয়াল দুনিয়ার মোহ ত্যাগ করে বাস্তব জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে নতুন করে উদ্‌যাপন করার সিদ্ধান্ত নিয়েছেন রিয়া। তিনি তাঁর ভক্তদের উদ্দেশ্যে আরও জানান, “তাই আমি কিছুদিনের জন্য এক পা পিছিয়ে যাচ্ছি। জীবনের গতি একটু ধীর করতে চাই, বুক ভরে একটু গভীর শ্বাস নিতে চাই। যা সত্যি, যা বাস্তব, তার সঙ্গে ফের নিজের সংযোগ স্থাপন করতে চাই। ক্যামেরায় পোস্ট করা মুহূর্তের চেয়ে এখন নিজের মতো করে যাপন করা মুহূর্তগুলোই আমার কাছে বেশি দামি। খুব তাড়াতাড়ি দেখা হবে।”

এই আবেগঘন পোস্টটি প্রকাশ্যে আসার পরই উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালোবাসা। অনেকেই তাঁকে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। একজন অনুরাগী লিখেছেন, “তোমাকে মিস করব। নিজের খেয়াল রেখো।” অন্য একজনের মন্তব্য, “বাস্তব মুহূর্তগুলো বেছে নেওয়াটা সবসময়ই সঠিক সিদ্ধান্ত। এই নিস্তব্ধতা উপভোগ করো।”

উল্লেখ্য, ২০২০ সালের জুনে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর জীবন আক্ষরিক অর্থেই পুরোপুরি বদলে গিয়েছে। সেই বছরের সেপ্টেম্বরে মাদক সংক্রান্ত একটি মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) তাঁকে গ্রেফতার করে। তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটে তথাকথিত মাদক পাচারকারীদের সঙ্গে কথোপকথনের প্রমাণ পাওয়া গিয়েছিল বলে দাবি করে তদন্তকারী সংস্থা। বেশ কিছুদিন জেলে কাটানোর পর তিনি জামিন পেলেও, দীর্ঘদিন তাঁর বিদেশযাত্রার ওপর কড়া নিষেধাজ্ঞা ছিল।

তবে, জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া এত বড় ঝড়ঝাপটার পরও তিনি যে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েননি, তা এ বছরের শুরুতেই এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছিলেন রিয়া। তিনি অকপটে জানিয়েছিলেন, “থেরাপি আমার জীবন বাঁচিয়েছে… আমি শপথ নিয়েছিলাম, জীবন আমাকে যেখানেই নিয়ে যাক না কেন, আমি কখনও নিজের প্রতি বীতশ্রদ্ধ হব না। আমি আজও ভালোবাসায় বিশ্বাস করি। কারণ ভালোবাসা সুন্দর, শক্তিশালী এবং ভালোবাসাই হল জীবনের সব প্রশ্নের উত্তর।”

Follow Us