AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুরের জাদুকরীর প্রয়াণে বিষণ্ণ ঋতুপর্ণা: ‘আমার ঠোঁটে ওঁর গান, এ এক পরম প্রাপ্তি’

আসলে শিল্পীরা তো কখনও অমরত্ব ছেড়ে বিদায় নেন না। তাঁরা থেকে যান আমাদের মজ্জায়, আমাদের নিবিড় ভালোবাসায়। ঋতুপর্ণার মতে, আশা ভোঁসলের অমর সৃষ্টিগুলি শুধু আমাদের নয়, আগামী বহু প্রজন্মকে সঙ্গীতের রসদ জোগাবে। ৯২ বছর বয়স পর্যন্ত যেভাবে তিনি সুরের জাদুতে সারা বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন, তা এক বিরল ইতিহাস।

সুরের জাদুকরীর প্রয়াণে বিষণ্ণ ঋতুপর্ণা: ‘আমার ঠোঁটে ওঁর গান, এ এক পরম প্রাপ্তি’
সুরের জাদুকরীর প্রয়াণে বিষণ্ণ ঋতুপর্ণা
| Updated on: Apr 12, 2026 | 3:17 PM
Share

আশায় মজে সারা দেশ, অথচ সেই ‘আশা’ই আজ চিরতরে স্তব্ধ। সুরের সরস্বতী আশা ভোঁসলে পাড়ি দিয়েছেন অমৃতলোকে। লতা মঙ্গেশকরের পর আরও এক নক্ষত্রপতনে শোকে পাথর বিনোদন জগৎ। এই বিষণ্ণতার ছায়া ছুঁয়ে গিয়েছে টলিউডকেও। কিংবদন্তি গায়িকার প্রয়াণে স্মৃতিবিহ্বল হয়ে পড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত। শোকাতুর গলায় অভিনেত্রী জানালেন, আশা জি শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন আমাদের সাংস্কৃতিক জীবনের সুর ও সঙ্গীতের দেবী। আজ মহাকাশ থেকে আরও এক উজ্জ্বল নক্ষত্র খসে পড়ল।

ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে এই ক্ষতি ব্যক্তিগত শূন্যতার মতো। অভিনেত্রীর একাধিক সুপারহিট ছবিতে প্লে-ব্যাক করেছিলেন আশা ভোঁসলে। সেই কথা মনে করেই আবেগপ্রবণ ঋতুপর্ণা। টিভি ৯ বাংলাকে তিনি বলেন, “আমি খুব প্রিভিলেজড, আমার অনেকগুলো প্লে-ব্যাক আশা জি করেছিলেন এবং বেশ কিছু গান আমি লিপ দিতে পেরেছিলাম ওরকম মহান স্রষ্টার গলায়। তো সেটা আমার কাছে একটা খুব বড় পাওনা।” পর্দার আড়ালে থেকে যে মানুষটি ঋতুপর্ণার চরিত্রগুলোকে গানের ছোঁয়ায় প্রাণবন্ত করে তুলেছেন, তাঁর এভাবে চলে যাওয়া যেন এক যুগের অবসান।

আসলে শিল্পীরা তো কখনও অমরত্ব ছেড়ে বিদায় নেন না। তাঁরা থেকে যান আমাদের মজ্জায়, আমাদের নিবিড় ভালোবাসায়। ঋতুপর্ণার মতে, আশা ভোঁসলের অমর সৃষ্টিগুলি শুধু আমাদের নয়, আগামী বহু প্রজন্মকে সঙ্গীতের রসদ জোগাবে। ৯২ বছর বয়স পর্যন্ত যেভাবে তিনি সুরের জাদুতে সারা বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন, তা এক বিরল ইতিহাস। ঋতুপর্ণা অকপটে স্বীকার করলেন, “উনি আমাদের যা দিয়ে গিয়েছেন আজকে ওনার ৯২ বছর বয়স অবধি যিনি উনি যেভাবে গেয়ে গিয়েছেন, উনি যেভাবে এন্টারটেইন করে গিয়েছেন—শি ওয়াজ আ রিয়েল এন্টারটেইনার। এবং এন্টারটেইনমেন্টের লাস্ট ওয়ার্ড হচ্ছে আশা ভোঁসলে।”

বার্ধক্যজনিত অসুস্থতা গ্রাস করলেও সুরের লয় কখনও কাটেনি তাঁর জীবন থেকে। সেই অদম্য জীবনীশক্তিকেই কুর্নিশ জানাচ্ছেন ঋতুপর্ণা। তিনি মনে করেন, আশা জি যেখানেই থাকুন, সেখানেও সুরের মায়াজাল বুনে দেবেন। এই নক্ষত্র পতনে শোকস্তব্ধ টলি-পাড়াও। অভিনেত্রীর প্রার্থনা, এই শূন্যতা পূরণ হওয়ার নয়, তবুও পৃথিবী যেন আবারও কোনওদিন এমন এক হিরণ্ময় কণ্ঠের অপেক্ষায় থাকে। আশা জির আত্মার শান্তি কামনা করে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

Follow Us