
বর্ষীয়ান চিত্রনাট্যকার তথা অভিনেতা সলমান খানের বাবা সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বলিপাড়ায়। বুধবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ৯০ বছর বয়সী এই তারকাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণ (Minimal Brain Haemorrhage) নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করার জন্য একটি বিশেষ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।
বুধবার দুপুরে চিকিৎসকরা সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে সেলিম খানের অস্ত্রোপচারের কথা থাকলেও আপাতত তা স্থগিত রাখা হয়েছে। হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, “তিনি বর্তমানে স্থিতিশীল রয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামীকাল তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হতে পারে।” জানা গেছে, মঙ্গলবার তাঁর রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করে পরিবার।
সেলিমের অসুস্থতার খবর পেয়ে লীলাবতী হাসপাতালে ভিড় জমাচ্ছেন সলমন খানের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা। সেলিম খানের দীর্ঘদিনের সহকর্মী তথা প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার দু’বার তাঁকে দেখতে হাসপাতালে যান। সত্তর ও আশির দশকে এই ‘সেলিম-জাভেদ’ জুটিই ভারতীয় সিনেমায় ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ইমেজের জন্ম দিয়েছিলেন।
সেলিম খানের দুই স্ত্রী সালমা খান ও হেলেন এবং পাঁচ সন্তান— সলমন, আরবাজ, সোহেল, আলভিরা ও অর্পিতা বর্তমানে হাসপাতালেই রয়েছেন। প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনায় সরব হয়েছেন তাঁর অগণিত অনুরাগী।