‘সলমন বাড়িতে গণেশ মূর্তি রেখে…’, ভাইজানের কোন গোপন তথ্য সামনে আনলেন একনাথ শিন্ডে?

হিন্দুত্ববাদী সংগঠনের মঞ্চে সলমনের উপস্থিতি নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, তখন সেই সমালোচনার পাল্টা জবাব দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সলমনকে কেবল একজন অভিনেতা হিসেবে নয়, বরং একজন খাঁটি ভারতীয় এবং সংস্কৃতিমনা মানুষ হিসেবে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।

সলমন বাড়িতে গণেশ মূর্তি রেখে..., ভাইজানের কোন গোপন তথ্য সামনে আনলেন একনাথ শিন্ডে?

|

Feb 11, 2026 | 1:10 PM

মুম্বইয়ে আরএসএস-এর (RSS) শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সলমন খানের যোগদান নিয়ে নেটপাড়ায় বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। হিন্দুত্ববাদী সংগঠনের মঞ্চে সলমনের উপস্থিতি নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, তখন সেই সমালোচনার পাল্টা জবাব দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সলমনকে কেবল একজন অভিনেতা হিসেবে নয়, বরং একজন খাঁটি ভারতীয় এবং সংস্কৃতিমনা মানুষ হিসেবে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।

সংবাদসংস্থা এএনআই (ANI)-কে দেওয়া একটি সাক্ষাৎকারে একনাথ শিন্ডে বলেন, “সলমন খান আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দিলেন কি দিলেন না— এটি কোনও প্রশ্ন হতে পারে না। সলমন কি ভারতের নাগরিক নন? অবশ্যই তিনি এ দেশের একজন গর্বিত নাগরিক। তাঁর বাড়িতে গণেশ মূর্তির পুজো হয়, নিয়মিত সেই গণেশ মূর্তির পুজোও হয়। তিনি এবং তাঁর গোটা পরিবার আমাদের সংস্কৃতিকে অন্তর থেকে শ্রদ্ধা করেন। সলমনের মধ্যে কোনো ছুঁৎমার্গ নেই।” সলমনের এই সর্বধর্ম সমন্বয়ের ভাবমূর্তিকে হাতিয়ার করেই এদিন সমালোচকদের মুখ বন্ধ করতে চেয়েছেন শিন্ডে।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে রণবীর কাপুর, ভিকি কৌশলের মতো তারকারাও উপস্থিত ছিলেন। সেখানে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত সলমনের বিপুল জনপ্রিয়তাকে ইতিবাচক কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, “কলেজ পড়ুয়ারা সলমন খানের ফ্যাশন অন্ধের মতো অনুকরণ করে। সলমন যা করেন, তরুণরা তাই করতে চায়। ঠিক এভাবেই সামাজিক মূল্যবোধ ও আদর্শকেও যদি সলমন একটি ট্রেন্ড বা ফ্যাশনে পরিণত করতে পারেন, তবে সমাজের বড় মঙ্গল হবে।”

আরএসএস বিতর্ক ছাড়াও সলমন এখন খবরের শিরোনামে তাঁর আগামী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর জন্য। ছবির টিজারে সলমনের ‘ক্লিন শেভেন’ লুক দেখে নেটিজেনদের একাংশ সমালোচনা করে বলেছিলেন, যুদ্ধভিত্তিক সিনেমার জন্য এই লুক বড্ড বেশি ‘রোমান্টিক’।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এই সমালোচনারও জবাব দিয়েছেন সুপারস্টার। তিনি বলেন, “অনেকে ভাবছেন এটা রোমান্টিক লুক, কিন্তু আমি একজন কর্নেলের চরিত্রে অভিনয় করছি। একজন কর্নেলের লুক ঠিক এমনই হয়, যিনি জানেন কীভাবে নিজের দলকে উৎসাহিত করতে হয়। এই বিতর্কগুলোর কোনো মানে নেই। সবার আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে।”

শোনা যাচ্ছে, ছবিটি এপ্রিলের বদলে অগস্টে মুক্তি পেতে পারে। সেক্ষেত্রে বক্স অফিসে সানি দেওলের ‘লাহোর ১৯৪৭’-এর সঙ্গে বড়সড় সংঘাতের সম্ভাবনা রয়েছে সলমনের এই মেগাবাজেট ছবির। তবে আরএসএস বিতর্ক নিয়ে সলমন নিজে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।