পাস্তার দাম সাড়ে ৮ হাজার টাকা, পানীয় ১ লাখের, সলমনের বোন অর্পিতার রেস্তোরাঁর মেনু দেখলে চমকে উঠবেন!
এখন মুম্বইয়ের অভিজাত মহলে জোর চর্চায়। প্রায় ৯ হাজার বর্গফুট এলাকা জুড়ে গড়ে ওঠা এই রেস্তরাঁর অন্দরসজ্জা যেমন রাজকীয়, তেমনই এর মেনু কার্ডের পদ ও তার আকাশছোঁয়া দাম শুনে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় ভোজনরসিকদের।

বলিউড অভিনেতা সলমন খানের বোন অর্পিতা খান শর্মার সহ-মালিকানাধীন রেস্তরাঁ ‘মেরসি’ (Mersi) এখন মুম্বইয়ের অভিজাত মহলে জোর চর্চায়। প্রায় ৯ হাজার বর্গফুট এলাকা জুড়ে গড়ে ওঠা এই রেস্তরাঁর অন্দরসজ্জা যেমন রাজকীয়, তেমনই এর মেনু কার্ডের পদ ও তার আকাশছোঁয়া দাম শুনে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় ভোজনরসিকদের।
‘মেরসি’-র রন্ধনশৈলীতে মূলত ইউরোপীয় ঘরানার স্পষ্ট ছাপ রয়েছে, যেখানে বিভিন্ন মহাদেশীয় স্বাদের ফিউশন ঘটানো হয়েছে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে। তবে রেস্তরাঁর সবচেয়ে আলোচিত দিকটি হল এর স্পেশাল পদের দাম।
মেনুর অন্যতম প্রধান আকর্ষণ ‘সল্ট ক্রাস্টেড রেড স্ন্যাপার’, যার এক পাতের দাম রাখা হয়েছে ঠিক ১০ হাজার টাকা। এই পদে বিশেষ ধরনের পুর ভরা গোটা একটি রেড স্ন্যাপার মাছকে নুনের ঘন আস্তরণে মুড়ে বেক করা হয় এবং পরিবেশনের সময় অতিথিদের চোখের সামনেই তা কেটে প্লেটিং করা হয়। এছাড়া ইতালি ও ইউরোপের বিখ্যাত ট্রাফলের স্বাদে তৈরি ‘ট্রাফল পাস্তা ফ্রম হুইল’-এর দাম ৮,৫০০ টাকা। পেরিগর ট্রাফল সস ও স্প্যাগেটি দিয়ে প্রস্তুত এই পাস্তা ইতিমধ্যে রেস্তরাঁর অন্যতম সিগনেচার ডিশ।
সামুদ্রিক খাবারের তালিকায় রয়েছে ‘টেরিয়াকি স্যামন’, যার দাম ৪ হাজার টাকা। হোবা পাতায় মুড়ে তিল-শসার সালাডের সঙ্গে পরিবেশন করা হয় এই বিদেশি স্যামন। পাশাপাশি ৩,৫০০ টাকার ‘লবস্টার থার্মিডর’ এবং ১,৫০০ টাকার ‘কোকো লবস্টার’ও নজর কাড়ছে ভোজনরসিকদের। অর্পিতা খান শর্মা নিজেই জানিয়েছেন, এই বিশাল মেনুর মধ্যে তাঁর ব্যক্তিগত পছন্দের তালিকায় রয়েছে ‘ফোর চিজ় পিৎজ়া’, ‘ট্রাফল পাস্তা’ এবং ‘গার্লিক প্রনস’।
কেবল মুখরোচক খাবারই নয়, রেস্তোরাঁর বার কাউন্টারের পানীয়ের তালিকাও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সাধারণ ওয়াইন থেকে শুরু করে অত্যন্ত দুর্লভ জাতের অ্যালকোহলের সমাহার রয়েছে এখানে। রেস্তরাঁর সবচেয়ে দামি শ্যাম্পেনের এক বোতলের দাম পৌনে দুই লাখ টাকারও বেশি (১,৮৮,৫৫০ টাকা)। অন্যদিকে সেরা মানের রেড ওয়াইনের দাম ছোঁয়াচ্ছে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা এবং হোয়াইট ওয়াইনের বোতল মিলছে প্রায় ৬৯ হাজার টাকায়।
