‘আবেগের ওপর নিয়ন্ত্রণ নেই সলমনের, তাই এত বিতর্ক’, ভাইজানের গোপন কথা ফাঁস করলেন ‘মাস্টার রাজু’

সলমনের সঙ্গে তাঁর বন্ধুত্ব সলমন তারকা হওয়ার অনেক আগের। বান্দ্রার একই এলাকায় বড় হয়েছেন তাঁরা। রাজুর কথায়, “পত্থর কে ফুল ছবির আগে যখন সলমন স্কেটিং শিখতেন, তখন আমি সাইকেল চালাতাম আর ও আমার সাইকেলের ক্যারিয়ার ধরে স্কেটিং প্র্যাকটিস করত। এমনও দিন গিয়েছে যখন মানুষ বলত— ‘দেখও মাস্টার রাজু দাঁড়িয়ে আছে, আর ওর পাশে একটা ছেলেও আছে’। তখন ওর কোনও পরিচিতিই ছিল না।”

আবেগের ওপর নিয়ন্ত্রণ নেই সলমনের, তাই এত বিতর্ক, ভাইজানের গোপন কথা ফাঁস করলেন ‘মাস্টার রাজু’

|

Feb 10, 2026 | 2:29 PM

তিনি বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের নয়নমণি, কিন্তু এক সময় পরিস্থিতি ছিল ঠিক উল্টো। যখন রাজু শ্রেষ্ঠ বা ‘মাস্টার রাজু’ এক জন প্রতিষ্ঠিত শিশুশিল্পী, সলমন খান তখন কেবল বান্দ্রার এক সাধারণ কিশোর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমনকে নিয়ে এমনই সব অজানা স্মৃতির ডালি সাজিয়ে বসলেন রাজু। তাঁর দাবি, সলমন আজও সেই আগের মতোই আছেন— হিসেবি নন, বরং হৃদয়ের টানে চলা এক মানুষ।

রাজু জানান, সলমনের সঙ্গে তাঁর বন্ধুত্ব সলমন তারকা হওয়ার অনেক আগের। বান্দ্রার একই এলাকায় বড় হয়েছেন তাঁরা। রাজুর কথায়, “পত্থর কে ফুল ছবির আগে যখন সলমন স্কেটিং শিখতেন, তখন আমি সাইকেল চালাতাম আর ও আমার সাইকেলের ক্যারিয়ার ধরে স্কেটিং প্র্যাকটিস করত। এমনও দিন গিয়েছে যখন মানুষ বলত— ‘দেখও মাস্টার রাজু দাঁড়িয়ে আছে, আর ওর পাশে একটা ছেলেও আছে’। তখন ওর কোনও পরিচিতিই ছিল না।”

পুরনো দিনের কথা মনে করে রাজু আবেগপ্রবণ হয়ে বলেন, “আমরা একসাথে নগ্ন হয়ে স্নান করেছি, সব বিষয়ে কথা বলেছি। কিন্তু আজ পরিস্থিতি আলাদা। ও এখন অনেক বড় স্টার। আজ যদি আমি সারাক্ষণ ওর সেটে বা বাড়িতে পড়ে থাকি, লোকে আমাকে ওর ‘চামচা’ বলবে। সলমন খুব মজার মানুষ, বন্ধু করার আগে কোনওদিন কিছু ভাবত না।” রাজুর দাবি, সলমন কখনওই কুচক্রী বা কৌশলী ছিলেন না।

সলমন কেন বারবার বিতর্কে জড়ান, তার একটি ব্যাখ্যাও দিয়েছেন রাজু শ্রেষ্ঠ। তাঁর মতে, সলমন মস্তিষ্ক দিয়ে নয়, বরং মন দিয়ে চলেন। রাজু বলেন, “সলমনের নিজের আবেগের ওপর কোনও নিয়ন্ত্রণ নেই। কখনও দেখা যেত কারও বাড়ির নিচে গিয়ে চিৎকার করে গালিগালাজ করছেন, কখনও প্রাক্তন প্রেমিকার বাড়ির সামনে গিয়ে অশান্তি করছেন। আবার কখনও কাউকে মারধরও করে বসতেন। ও খুব ভালো মানুষ, কিন্তু যখন আবেগপ্রবণ হয়ে পড়েন, তখন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।”

শৈশবের সেই বন্ধুত্বের রেশ ধরেই পরবর্তীতে সলমন রাজুকে ‘বাঘি’ এবং ‘চল মেরে ভাই’-এর মতো ছবিতে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। বর্তমানে সলমন খান ব্যস্ত রয়েছেন তাঁর পরবর্তী মেগাবাজেট ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর শুটিং নিয়ে।

রাজু শ্রেষ্ঠর এই অকপট স্বীকারোক্তি আবারও প্রমাণ করে দিল যে, গ্ল্যামার দুনিয়ার বাইরেও সলমন খানের একটি রক্তমাংসের মানবিক সত্তা রয়েছে, যা হয়তো সাধারণ মানুষের কাছে আজও ভুলভাবে উপস্থাপিত হয়।