Shah Rukh Khan: ‘বাবা আমরা হিন্দু না মুসলিম?’ মেয়ে সুহানার প্রশ্নে কী উত্তর দিয়েছিলেন শাহরুখ?
Shah Rukh Khan reply to Suhana religion question: ভিন্ন ধর্মের হওয়ার কারণে তাঁদের সন্তান— আরিয়ান, সুহানা ও আব্রাম ঠিক কোন ধর্মের রীতিনীতি মেনে চলে বা নিজেদের কোন ধর্মের বলে পরিচয় দেয়, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। সম্প্রতি একটি টিভি শো-তে নিজের পরিবারের ধর্ম এবং মেয়ে সুহানার একটি আবেগঘন প্রশ্নের উত্তর দিয়ে মন জয় করে নিয়েছিলেন কিং খান।

বলিউড বাদশাহ শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খানের প্রেমের গল্প যেন যেকোনও সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ধর্ম আলাদা হলেও বিগত প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে একে অপরের হাত ধরে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁরা। তবে ভিন্ন ধর্মের হওয়ার কারণে তাঁদের সন্তান— আরিয়ান, সুহানা ও আব্রাম ঠিক কোন ধর্মের রীতিনীতি মেনে চলে বা নিজেদের কোন ধর্মের বলে পরিচয় দেয়, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। সম্প্রতি একটি টিভি শো-তে নিজের পরিবারের ধর্ম এবং মেয়ে সুহানার একটি আবেগঘন প্রশ্নের উত্তর দিয়ে মন জয় করে নিয়েছিলেন কিং খান।
টিভি শো-তে শাহরুখ নিজের পারিবারিক পরিবেশের কথা তুলে ধরে বলেছিলেন, “আমাদের পরিবারে হিন্দু বা মুসলিম ধর্ম নিয়ে কোনও পৃথক আলোচনা হয় না। আমার স্ত্রী হিন্দু, আমি মুসলিম এবং আমাদের সন্তানরা খাঁটি ভারতীয়।”
সন্তানদের স্কুলের একটি পুরোনো স্মৃতিচারণ করে বাদশা বলেন, স্কুলে ভর্তির সময় একটা ফর্ম পূরণ করতে হত, যেখানে শিক্ষার্থীর ধর্ম কী, তা উল্লেখ করার নিয়ম থাকে। সুহানা যখন খুব ছোট, তখন একদিন আমার কাছে এসে কৌতুহলভরে প্রশ্ন করেছিল, “বাবা, আমাদের ধর্ম কী?”
মেয়ের এই সরল প্রশ্ন শুনে শাহরুখ একটুও দ্বিধায় পড়েননি। সুহানার স্কুলের ফর্মে ধর্মের জায়গায় তিনি স্পষ্ট লিখে দিয়েছিলেন, ‘আমরা ভারতীয়’। সুহানাকে কাছে ডেকে তিনি বুঝিয়েছিলেন, তাদের আলাদা করে কোনও ধর্মীয় পরিচয় নেই এবং হওয়া উচিতও নয়। তারা সবাই প্রথমে ভারতীয়।
উল্লেখ্য, গৌরীর সঙ্গে শাহরুখের প্রেম ও বিয়ের যাত্রাটি একেবারেই সহজ ছিল না। ভিন্ন ধর্মের হওয়ায় গৌরীর রক্ষণশীল পরিবারকে রাজি করানো ছিল এক বিরাট চ্যালেঞ্জ। প্রাথমিক দিকে পরিবারের অসংগতি এড়াতে গৌরী তাঁর পরিবারে শাহরুখের নাম বদলে ‘অভিনব’ বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যাতে কেউ না বোঝে যে গৌরী কোনও মুসলিম যুবকের প্রেমে পড়েছেন!
তবে আসল চমকটি ঘটেছিল বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক পরপরই। বিয়ের পর শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনদের সঙ্গে হালকা দুষ্টুমি করার পরিকল্পনা করেন শাহরুখ। তিনি গৌরীর পরিবারের সবাইকে কড়া গলায় জানান, খান পরিবারে বিয়ের পর এখন থেকে গৌরীর নাম বদলে দেওয়া হবে এবং নতুন নাম হবে ‘আয়েশা’। শুধু তাই নয়, এখন থেকে গৌরীকে সবসময় বোরখার আড়ালেই থাকতে হবে এবং বাড়ির বাইরে বের হওয়া পুরোপুরি বন্ধ!
নতুন জামাইয়ের মুখে এমন কথা শুনে গৌরীর আত্মীয়স্বজন ও পরিবারের লোকজনের তো রীতিমতো চক্ষুচড়কগাছ অবস্থা! ভয় আর উদ্বেগে যখন ঘরের পরিবেশ বেশ থমথমে হয়ে উঠেছে, ঠিক তখনই সবটা খোলসা করেন শাহরুখ। জানান, এটা নিছকই একটি ঠাট্টা ছিল। জামাইয়ের এই মজার কথা বুঝতে পেরে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল গৌরীর পরিবার।
