‘জেইলার ২’-তে পুলিশ অবতারে শাহরুখ! রজনীকান্তে সঙ্গে বাদশা দুরন্ত জুটি?

ছবির সিংহভাগ কাজ ইতিমধ্যেই শেষ। কেবল শাহরুখ খানের অংশের শুটিংটুকুই বাকি রয়েছে। চলতি মার্চ মাসেই চেন্নাইয়ে সাত থেকে আট দিনের একটি শিডিউলে নিজের অংশের কাজ শেষ করবেন বাদশা। জানা গিয়েছে, এটি একটি ‘এক্সটেন্ডেড ক্যামিও’ বা বর্ধিত অতিথি চরিত্র হলেও ছবির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

জেইলার ২-তে পুলিশ অবতারে শাহরুখ! রজনীকান্তে সঙ্গে বাদশা দুরন্ত জুটি?

|

Mar 10, 2026 | 1:32 PM

রুপোলি পর্দায় সবথেকে বড় ধামাকা হতে চলেছে খুব শীঘ্রই। দক্ষিণ ভারতের ‘সুপারস্টার’ রজনীকান্তের বহু প্রতীক্ষিত অ্যাকশন এন্টারটেইনার ‘জেইলার ২’ (Jailer 2)-তে এক বিশেষ ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ছবিতে শাহরুখের চরিত্রটি একজন পুলিশ অফিসারের।

সূত্রের খবর, ছবির সিংহভাগ কাজ ইতিমধ্যেই শেষ। কেবল শাহরুখ খানের অংশের শুটিংটুকুই বাকি রয়েছে। চলতি মার্চ মাসেই চেন্নাইয়ে সাত থেকে আট দিনের একটি শিডিউলে নিজের অংশের কাজ শেষ করবেন বাদশা। জানা গিয়েছে, এটি একটি ‘এক্সটেন্ডেড ক্যামিও’ বা বর্ধিত অতিথি চরিত্র হলেও ছবির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শাহরুখের শুটিং শেষ হলেই ছবির কাজ শেষের ঘোষণা করবেন পরিচালক নেলসন।

প্রথম পর্বটি বিশ্বজুড়ে প্রায় ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। শুধু তাই নয়, বিদেশের ডিস্ট্রিবিউটর ‘আয়ঙ্গারন ইন্টারন্যাশনাল’-এর দাবি অনুযায়ী, প্রথম দিনেই ৩৩ কোটি টাকা আয় করে রজনীকান্তের কেরিয়ারের সব রেকর্ড ভেঙে দিয়েছিল ‘জেইলার’। সেই আকাশছোঁয়া সাফল্যকেই এবার ছাপিয়ে যেতে চাইছে ছবির দ্বিতীয় ভাগ। গত বছর ১০ মার্চ চেন্নাইয়ে এই ছবির শুটিং শুরু হয়েছিল। সেটে নিজের ৭৫তম জন্মদিনও উদযাপন করেছিলেন থালাইভা।

রজনীকান্তের বিপরীতে ‘বিজয় পান্ডিয়ান’ ওরফে ভিজি-র চরিত্রে আবারও ফিরছেন রাম্যা কৃষ্ণন। কেরালায় শুটিং শুরুর দিনে তিনি আবেগপ্রবণ হয়ে লিখেছিলেন, “পড়ায়াপ্পার ২৬ বছর এবং জেইলার ২-এর প্রথম দিন।” এছাড়াও রজনীকান্তের পুত্রবধূর চরিত্রে মীরনা মেনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে সবথেকে বড় চমক হলো, এই ছবিতে শাহরুখ ছাড়াও দেখা যাবে মালায়লাম সুপারস্টার মোহনলাল এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতিকে।

ছবির প্রথম ভাগের সাফল্যের অন্যতম কাণ্ডারি ছিলেন সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। তাঁর আবহ সঙ্গীত এবং ‘হুকুম’-এর মতো গানগুলো দর্শকদের পাগল করে দিয়েছিল। দ্বিতীয় পর্বেও সুরের দায়িত্ব সামলাচ্ছেন অনিরুদ্ধই।

সান পিকচার্সের প্রযোজনায় এই ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। থ্রিলার আর কমেডির মিশেলে তৈরি টিজারটি আগেই দর্শকদের নজর কেড়েছে। এখন কেবল অপেক্ষা বড় পর্দায় রজনী-শাহরুখের সেই ঐতিহাসিক মুহূর্তের।

Follow Us