Bigg Boss Bangla Sonamoni: ডিসেম্বরেই বিয়ে করছেন প্রতীক-সোনামণি? Out হয়ে বেরিয়েই বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
Sonamoni-Pratik: বিগ বস বাংলা থেকে সদ্য আউট হয়েছেন সোনামণি সাহা। কানাঘুষো শোনা যাচ্ছিল ডিসেম্বরেই নাকি প্রতীক সেনের সঙ্গে বিয়ে তাঁর। এবার বিয়ের নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। ডিসেম্বরেই প্রতীকের সঙ্গে ছাদনাতলায় যাচ্ছেন অভিনেত্রী?

‘মোহর’ ধারাবাহিক শেষ হয়েছে অনেকদিন। কিন্তু দর্শকদের মনে প্রতীক সেন আর সোনামণি সাহার ম্যাজিক এখনও এতটুকু ফিকে হয়নি। পর্দার এই জুটির রিয়েল লাইফের রসায়ন নিয়েও চর্চার কোনও শেষ নেই। সবেমাত্র ‘বিগ বস বাংলা’-র ঘর থেকে বেরিয়েছেন সোনামণি। টানা ৭৭ দিন বাইরের দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন ছিলেন তিনি। বিগ বসের ঘরে থাকাকালীন সোনামণির একটি কথায় অনেকেরই মনে হয়েছিল চলতি বছরের ডিসেম্বরেই প্রতীকের সঙ্গে ছাদনাতলায় যাচ্ছেন অভিনেত্রী। কিন্তু সত্যিই কি তাই? বিগ বস থেকে ফিরেই সবটা খোলসা করলেন সোনামণি।
বিয়ে নিয়ে ফ্যানদের উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে থাকে। বিগ বসের ঘরে থাকার সময় তো আর বাইরের খবর পাওয়ার কোনও উপায় ছিল না। তাই সোনামণি ঘুণাক্ষরেও টের পাননি যে, বাইরে তাঁর আর প্রতীকের বিয়ে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ফ্যানরা তো প্রায় ধরেই নিয়েছিলেন, বিগ বসের ঘর থেকে বেরিয়েই হয়তো বিয়ের পিঁড়িতে বসবেন তাঁদের প্রিয় নায়িকা। শীতের আমেজে সত্যিই কি তবে বাজতে চলেছে বিয়ের সানাই?
এই জল্পনায় এবার নিজেই জল ঢাললেন অভিনেত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিয়ের কথা উঠতেই একগাল হেসে ফেলেন সোনামণি। ডিসেম্বরে বিয়ে হওয়ার খবরটা যে একেবারেই সত্যি নয়, তা পরিষ্কার জানিয়ে দিলেন তিনি।
ঠিক কী বলেছেন অভিনেত্রী?
জল্পনা উড়িয়ে সোনামণির সোজাসাপটা জবাব, “আরে সবাই এমন চ্যাঁচাল… চারিদিকে বলছে যে কবে বিয়ে, কবে বিয়ে! আমি বলেছিলাম দাঁড়া, উইনারটা হয়ে ডিসেম্বরটা আসুক… আমি জাস্ট এমনিই বলেছিলাম। এরকম কোনও সিরিয়াস ব্যাপার নয় বা এরকম কিচ্ছু নয়।”
অর্থাৎ, পুরোটাই ছিল একটা মজার ছলে বলা কথা। ভক্তরা বারবার বিয়ের কথা জিজ্ঞেস করায়, স্রেফ মজা করেই ডিসেম্বরের কথাটা বলেছিলেন তিনি। কে জানত, তাঁর সেই সাধারণ একটা কথা নিয়ে বাইরে এত বড় গসিপ তৈরি হবে! তাই আপাতত বিয়ে নিয়ে যে তাঁর কোনও প্ল্যান নেই, তা বেশ স্পষ্ট।
আপাতত বিগ বসের ৭৭ দিনের কড়া রুটিন থেকে ছুটি পেয়েছেন সোনামণি। এখন শুধুই নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো আর বাড়ির খাবার চুটিয়ে খাওয়ার পালা। তাই রিয়েল লাইফে প্রতীক-সোনামণির চার হাত এক হতে দেখার জন্য ফ্যানদের যে আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তা বলাই যায়।
