AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘লাখ টাকার লক্ষ্মী লাভ’ থেকে সরছেন সুদীপ্তা চক্রবর্তী, গেম শোয়ের নতুন সঞ্চালক কে?

একসময় রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদি নম্বর ১’-এর জনপ্রিয়তাকে টক্কর দিতে সান বাংলা চ্যানেলে শুরু হয়েছিল মেগা গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। আর এই শো-এর প্রথম পর্ব থেকেই সঞ্চালক হিসেবে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

'লাখ টাকার লক্ষ্মী লাভ' থেকে সরছেন সুদীপ্তা চক্রবর্তী, গেম শোয়ের নতুন সঞ্চালক কে?
| Updated on: Jul 28, 2026 | 7:32 PM
Share

একসময় রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদি নম্বর ১’-এর জনপ্রিয়তাকে টক্কর দিতে সান বাংলা চ্যানেলে শুরু হয়েছিল মেগা গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। আর এই শো-এর প্রথম পর্ব থেকেই সঞ্চালক হিসেবে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। অনস্ক্রিন তাঁর সাবলীল উপস্থিতি আর আড্ডার মেজাজ এই নন-ফিকশন শো-টিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। তবে এবার সেই শো থেকেই সরে দাঁড়াচ্ছেন সুদীপ্তা!

টেলি-পাড়া সূত্রে খবর, শো ছাড়ার সিদ্ধান্তটি একেবারেই সুদীপ্তা চক্রবর্তীর নিজস্ব। টানা কাজের পর কাজ থেকে নিজের জন্য কিছুটা সময় বা বিরতি চেয়েছেন অভিনেত্রী। সেই কারণেই চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সঞ্চালনার ব্যাটন অন্য কারও হাতে তুলে দিতে চেয়েছেন অভিনেত্রী।

গেম শো-এর নতুন সঞ্চালক কে?

সুদীপ্তার জায়গায় কে আসছেন? এই প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় তুঙ্গে উঠেছিল জল্পনা। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই এই শো-এর সঞ্চালনার জন্য অডিশন পর্ব সম্পন্ন হয়ে গিয়েছে। আর সেখানে নজর কেড়েছেন ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে। সূত্রের খবর, সুদীপ্তার ছেড়ে যাওয়া জুতোয় পা গলাতে চলেছেন তিনিই।

টেলিভিশনের পর্দায় পায়েল দে অত্যন্ত পরিচিত এবং সফল এক নাম। প্রায় ১৪ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীনই অভিনয় জগতে হাতেখড়ি হয় তাঁর। ‘সাহিত্যের সেরা সময়’ প্রজেক্টের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও পরে ‘একদিন প্রতিদিন’ ধারাবাহিকে তাঁর কাজ নজর কাড়ে।

তবে পায়েলের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল মেগা ধারাবাহিক ‘দুর্গা’। তাঁর অভিনয় করে বাড়ি বাড়ি পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এরপর ‘বেহুলা’ ধারাবাহিকের নামভূমিকায় তাঁর অভিনয় রাতারাতি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।

অভিনেত্রী হিসেবে বহুবার নিজের দক্ষতার প্রমাণ দিলেও সঞ্চালক হিসেবে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চ সামলানো পায়েলের জন্য বেশ বড় এক চ্যালেঞ্জ হতে চলেছে। সুদীপ্তা চক্রবর্তীর তৈরি করা সেই জনপ্রিয়তার ধারা পায়েল কীভাবে বজায় রাখেন, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।

Follow Us