Mouni Roy: সূরজের থেকে খোরপোশ নিচ্ছেন মৌনী?
একটি দীর্ঘ নোটে সূরজ খোরপোশ সংক্রান্ত বিরোধ বা কোনও তৃতীয় ব্যক্তির জড়িতে থাকার মতো সমস্ত জল্পনা জোরালো ভাবে অস্বীকার করেছেন। একই সঙ্গে "নির্দোষ বন্ধুদের" এই বিতর্কে না জড়ানোর অনুরোধ জানিয়ে সংবাদমাধ্যম ও সাধারণ মানুষকে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদ নিয়ে চলমান গুঞ্জনের মাঝে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তার স্বামী তথা ব্যবসায়ী সূরজ নাম্বিয়ার। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া একাধিক সংবাদকে “উদ্দেশ্যপ্রণোদিত” এবং “ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়ে একটি কড়া বিবৃতি জারি করেছেন তিনি। একটি দীর্ঘ নোটে সূরজ খোরপোশ সংক্রান্ত বিরোধ বা কোনও তৃতীয় ব্যক্তির জড়িতে থাকার মতো সমস্ত জল্পনা জোরালো ভাবে অস্বীকার করেছেন। একই সঙ্গে “নির্দোষ বন্ধুদের” এই বিতর্কে না জড়ানোর অনুরোধ জানিয়ে সংবাদমাধ্যম ও সাধারণ মানুষকে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
চলতি জল্পনাগুলোর সরাসরি জবাব দিয়ে সূরজ লিখেছেন, “আমাদের বিচ্ছেদ নিয়ে সম্প্রতি যেসব ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে, তা অত্যন্ত কুরুচিপূর্ণ এবং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আমি একবারে সব কিছু পরিষ্কার করে দিতে চাই— এখানে কোনও খোরপোশের বিষয় নেই, কোনও বিরোধ নেই এবং কোনও তৃতীয় ব্যক্তিরও অস্তিত্ব নেই। মৌনী এবং আমি পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে এবং একে অপরের মঙ্গলের কথা বিবেচনা করেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই একমাত্র সত্যি। এর বাইরে যা কিছু রিপোর্ট করা হচ্ছে তা স্রেফ কাল্পনিক গল্প, এবং কিছু ক্ষেত্রে এটি আমাদের দুজনকে খলনায়ক বানানোর একটি ইচ্ছাকৃত চেষ্টা ছাড়া আর কিছুই নয়। অথচ আমরা কেবল কিছুটা একা থাকার অনুরোধটুকু করেছি।”

এই বিতর্কের মধ্যে অন্যান্য ব্যক্তিদের টেনে আনায় গভীর হতাশা প্রকাশ করেছেন সূরজ। পাশাপাশি জনসমক্ষে এই বিষয়টি নিয়ে আলোচনার ক্ষেত্রে শালীনতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
সূরজ আরও বলেন, “আমি এটি পরিষ্কার এবং চূড়ান্তভাবে জানিয়ে দিতে চাই, আমাদের দুজনকে বা কোনও তৃতীয় পক্ষকে নিয়ে যে সমস্ত দাবি করা হচ্ছে, তার কোনও সত্যতা নেই। এই ঘটনার মধ্যে অন্য মানুষদের টেনে আনা একেবারেই উচিত নয়, বিশেষ করে আমাদের সেই সমস্ত নির্দোষ বন্ধুদের, যাদের এই বিষয়ের সাথে কোনও দূর-দূরান্তের সম্পর্ক নেই। মৌনী এবং আমি— দুজনেই এই কঠিন সময়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ আচরণ বজায় রেখেছি এবং আমরা যারা এই বিষয়ে রিপোর্ট করছেন তাদের কাছ থেকেও ঠিক একই রকম মর্যাদা আশা করি।”
