
ভারতের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান নিয়ে কোনও ইতিবাচক মন্তব্য করা মানেই ঝড়ের মুখে পড়া। আর সেই ঝুঁকিটাই নিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পুরনো পাকিস্তান সফরের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে লাহোরকে বিশ্বের অন্যতম সেরা শহর হিসেবে তকমা দিলেন তিনি।
ঘটনার সূত্রপাত রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর’কে কেন্দ্র করে। স্বরার মা ইরা ভাস্কর এই ছবিতে একটি বিশেষ সম্প্রদায়কে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছিলেন। স্বরা নিজেও এই ছবির বিরোধিতা করেছেন। এমনকি তাঁর স্বামী মুসলিম হওয়ার কারণে তাঁকে প্রায়শই ‘অন্য ধর্মের প্রতি পক্ষপাতদুষ্ট’ বলে কটাক্ষের শিকার হতে হয়। এই আবহে পাকিস্তানের আতিথেয়তা নিয়ে তাঁর মন্তব্য আগুনের মতো ছড়িয়ে পড়েছে।
স্বরা জানান, তিনি যখন কলেজের ছাত্রী, তখন হঠাৎই তাঁর মনে হয়েছিল ‘শত্রু দেশ’ ঘুরে দেখবেন। তাঁর বাবা নৌসেনার উচ্চপদস্থ আধিকারিক হওয়ায় আইনি প্রক্রিয়া সামলে বান্ধবীর সঙ্গে পাড়ি দিয়েছিলেন লাহোরে। স্বরার কথায়, “আমি লন্ডন, প্যারিস বা আমেরিকা ঘুরেছি ঠিকই, কিন্তু লাহোরের কোনো তুলনা হয় না। সেখানে গিয়ে এক মুহূর্তের জন্যও মনে হয়নি আমি কোনো শত্রু দেশে আছি। সেখানকার মানুষের আতিথেয়তা ভোলার মতো নয়।”
পুরনো স্মৃতির ঝাঁপি খুলে অভিনেত্রী জানান, লাহোরের বিখ্যাত আনারকলি মার্কেটে ঘোরার সময় সেখানকার বিক্রেতারা তাঁদের পরম আদরে চা ও শিঙাড়া খাইয়েছিলেন। স্বরার দাবি, কোনো দেশের সাধারণ মানুষ খারাপ হয় না, আসলে সবটাই নির্ভর করে সরকারের নীতি ও প্রচারের ওপর। ২০০৫ সালের পর আরও একবার পাকিস্তানে যাওয়ার সুযোগ হয়েছিল তাঁর।
বর্তমানে যখন দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও কূটনৈতিক আদানপ্রদান সম্পূর্ণ বন্ধ, তখন স্বরার এই ‘অপ্রিয় সত্য’ বা ব্যক্তিগত অভিজ্ঞতা অনুরাগীদের একাংশের প্রশংসা কুড়ালেও, কট্টরপন্থীদের নিশানায় যে তিনি আবারও পড়বেন, তা বলাই বাহুল্য।