Justice For Rahul: ‘আমার ভগবানের উপর বিশ্বাস রয়েছে’, রাহুলের মৃত্যুর একমাস পূর্ণ হতেই কেন বললেন প্রিয়াঙ্কা?
Priyanka Sarkar on Rahul arunadoy Banerjee's Death and Justice: তালসারিতে শুটিং করতে গিয়ে এদিনই অকালে প্রাণ হারান টলিউডের চিরদিনের নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর তারপরই রাহুলের মৃত্য়ু ঘটনায় তোলপাড় ওঠে টলিউডে। দেখতে দেখতে সেই অশুভ দিনের একমাস পূর্ণ। এখনও রাহুলের মৃত্যুর ন্যায়বিচারের দিকে তাকিয়ে তাঁর অনুরাগীরা, তাঁর সহকর্মীরা আর অবশ্যই তাঁর পরিবার।

ঠিক যখন কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে দ্বিতীয়দফা নির্বাচনের ভোট প্রক্রিয়া চলছিল। যখন বুধবার বিকেলে শহর জুড়ে অঝোর বৃষ্টি। ঠিক তখনই যেন টলিউডের অন্দরে এক মাসের আগের সেই কালো ঘন স্মৃতির ছায়া। হ্য়াঁ, সেই অভাগা ২৯ মার্চ। তালসারিতে শুটিং করতে গিয়ে এদিনই অকালে প্রাণ হারান টলিউডের চিরদিনের নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর তারপরই রাহুলের মৃত্য়ু ঘটনায় তোলপাড় ওঠে টলিউডে। দেখতে দেখতে সেই অশুভ দিনের একমাস পূর্ণ। এখনও রাহুলের মৃত্যুর ন্যায়বিচারের দিকে তাকিয়ে তাঁর অনুরাগীরা, তাঁর সহকর্মীরা আর অবশ্যই তাঁর পরিবার। রাহুল কী শেষমেশ ন্যায়বিচার পাবে? পুলিশি তদন্তে কী সত্য়িটা উঠে আসবে?
সম্প্রতি টিভি নাইন বাংলায় রাহুলকে নিয়ে প্রথমবার মুখ খুললেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রাহুলের ন্যায় বিচার নিয়ে প্রশ্ন করতেই প্রিয়াঙ্কা বললেন, ”এটা নিয়ে কোনও কিছু বলতে চাই না। কারণ এটা এখনও আইনের আওতায় রয়েছে। তাই বলা উচিত হবে না। তবে আমি আশা করব, রাহুলের বন্ধুত্বগুলো, রাহুলের সুন্দর করে তৈরি করা সম্পর্কগুলো, শিল্পী হিসেবে যে অ্য়াচিভমেন্টগুলো, লেখা, রাহুলের হিউমার, প্রচুর প্রচুর স্মৃতি সেগুলো যেনও বেঁচে থাকে। কাছের মানুষদের মধ্যে দিয়ে সেগুলো যেন সারাজীবন বেঁচে থাকে। আর ন্য়ায়বিচার? আমার ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে। এইটুকুই।”
উল্লেখ্য, গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে “ভোলে বাবা পার করেগা” সিরিয়ালের শুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে অকালে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ঠিক কী ঘটেছিল ওই দিন, তা নিয়ে নানা ব্যাখ্যা-বর্ণনা উঠে এসেছে। মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাহুলের এই আকস্মিক মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া নামে। সেই শোক কিছুটা সামলে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রিয়ঙ্কা। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায় সহ একাধিক কলাকুশলী। ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা করা হয়েছে। তালসারিতে ব্যক্তিগতভাবেও অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় মামলা রুজু করেছেন।
