Firhad Hakim on election result: ৬ মে শপথ, জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম
Firhad Hakim predicts TMC victory: তৃণমূলকে বিজেপি আটকাতে পারবে না জানিয়ে ফিরহাদ বলেন, "ভোটের জন্য তল্লাশি, তৃণমূল নেতাদের ডেকে নিয়ে যাওয়া, কামান-টামান নিয়ে এসে প্রদর্শনী করা, বাংলার মানুষকে ভয় দেখানো, এসব করে হয় না। এভাবে তৃণমূলকে আটকানো যায় না।"

কলকাতা: ভোটগ্রহণ শেষ। সামনে এসেছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা। কোনও কোনও সমীক্ষা বিজেপিকে এগিয়ে রেখেছে। আবার কেউ তৃণমূলকে। এই পরিস্থিতিতে ভোটের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন রাজ্যের বিদায়ী পুরমন্ত্রী ও কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। কী বলছে তাঁর হিসেব? টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সব জানালেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন, কবে নতুন সরকার গঠন হবে।
কী বললেন ফিরহাদ হাকিম?
বাংলায় বিধানসভা আসন সংখ্যা ২৯৪। সরকার গড়তে প্রয়োজন ১৪৮টি আসন। বুথ ফেরত সমীক্ষার ফলকে গুরুত্ব না দিয়ে টিভি৯ বাংলাকে ফিরহাদ হাকিম বলেন, “আমার মনে হয়, ২০২ থেকে ২২৫-র মধ্য়ে আসন পাবে তৃণমূল কংগ্রেস। চতুর্থবার ক্ষমতায় আসবে দল।” এখানেই না থেমে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কবে শপথ নেবেন, তাও জানিয়ে দিলেন ফিরহাদ। বলেন, “সম্ভবত ৬ মে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”
তৃণমূলকে বিজেপি আটকাতে পারবে না জানিয়ে ফিরহাদ বলেন, “ভোটের জন্য তল্লাশি, তৃণমূল নেতাদের ডেকে নিয়ে যাওয়া, কামান-টামান নিয়ে এসে প্রদর্শনী করা, বাংলার মানুষকে ভয় দেখানো, এসব করে হয় না। এভাবে তৃণমূলকে আটকানো যায় না।”
এবার প্রথম ও দ্বিতীয় দফার ভোটে ভোটদানের হার নজরকাড়া। প্রথম দফায় ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় দফায়ও ভোটের হার ৯২ শতাংশের বেশি। ভোটদানের হার নিয়ে ফিরহাদ বলেন, “এই ভোটের হার চিরকালই হয়। এসআইআর-এ ১৩ শতাংশ ভোটারের নাম কেটে গিয়েছে। আবার ভোট না দিলে ভারতীয় হিসেবে নাম কেটে দেবে, এই আতঙ্কে ভোটটা এবার ভালো হয়েছে।”
ফিরহাদের ভবিষ্যদ্বাণী নিয়ে কটাক্ষ বিজেপির-
তৃণমূলের প্রত্যাবর্তন নিয়ে ফিরহাদের ভবিষ্যদ্বাণীকে কটাক্ষ করে সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “ফিরহাদ হাকিমের কথাতেই হারের ইঙ্গিত। ভাইপো বলেছিলেন, তৃণমূল আড়াইশোর বেশি আসন পাবে। বিজেপি ৫০-র বেশি আসন পাবে না। আর ফিরহাদ বলছেন, তৃণমূল ২০২ আসন পাবে। ফলে তৃণমূল যে হারছে, তা স্পষ্ট।” একইসঙ্গে তিনি বলেন, “গণনার আগে কি কোনও জনপ্রতিনিধি স্বীকার করেন যে তাঁরা হারবেন? জিতছেন বলে বলতে হয়। সেটাই বলছেন।”
ফিরহাদ হাকিমের ভবিষ্যদ্বাণী মিলবে কি না, তার জন্য ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, ওইদিন ফল ঘোষণা।
