Uttam Kumar’s Bhaiphonta: ছোটবেলাতেই নিজের দিদিকে হারিয়ে ছিলেন উত্তম, কে দিতেন মহানায়ককে ভাইফোঁটা জানেন?
Mahanayak Uttam Kumar's Bhaiphonta Bhowanipore House: এই বিশেষ দিনে মহানায়কের পরনে থাকত ঐতিহ্যবাহী ধবধবে সাদা ধাক্কা পাড় ধুতি আর সুতির পাঞ্জাবি। আর সেই সাধারণ বাঙালি সাজেই যেন চুঁইয়ে পড়ত অপার্থিব গ্ল্যামার! দুই ভাই তরুণ কুমার ও বরুণ কুমারসহ পরিবারের সমস্ত ভাইদের নিয়ে একসঙ্গে পিঁড়িতে বসতেন তিনি।

পর্দায় তিনি রুপোলি জগতের একচ্ছত্র ‘মহানায়ক’। তাঁর একটি হাসিতে বা চোখের চাহনিতে মাতোয়ারা হতো কোটি কোটি অনুরাগী। কিন্তু কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটার দিনে সেই মহা-তারকার আলো বা গ্ল্যামারের খোলস একপাশে সরিয়ে রেখে তিনি হয়ে উঠতেন সাধারণ এক স্নেহের দাদা। ভবানীপুরের পৈতৃক ভিটে— ভাইফোঁটার আনন্দে ভাসতে কখনওই ভুলতেন না উত্তম কুমার।
অথচ বাস্তবে মহানায়কের নিজের কোনও আপন দিদি বা বোন ছিলেন না। তাঁর একমাত্র ছোট দিদি ‘পুতুলদি’ খুব অল্প বয়সেই অকালে প্রাণ হারান। তবে তাতে কি আর ভাইফোঁটার আনন্দ আটকে থাকে? পরিবারের অগণিত তুতো বোন এবং টলিউড ইন্ডাস্ট্রির সহ-অভিনেত্রীদের ভালোবাসায় সেই ঘাটতি নিমেষেই মুছে যেত। ভাইফোঁটার দিন তিনি ছিলেন আক্ষরিক অর্থেই আসরের আসল ‘মধ্যমণি’।
এই বিশেষ দিনে মহানায়কের পরনে থাকত ঐতিহ্যবাহী ধবধবে সাদা ধাক্কা পাড় ধুতি আর সুতির পাঞ্জাবি। আর সেই সাধারণ বাঙালি সাজেই যেন চুঁইয়ে পড়ত অপার্থিব গ্ল্যামার! দুই ভাই তরুণ কুমার ও বরুণ কুমারসহ পরিবারের সমস্ত ভাইদের নিয়ে একসঙ্গে পিঁড়িতে বসতেন তিনি। একের পর এক দিদি ও বোনেরা কপালে এঁকে দিতেন ভাইফোঁটার চন্দনের তিলক। ফোঁটা পর্ব মিটলে বোনেদের প্রণামের পালা। দিদি-বোনেরা দাদাকে ধুতি-পাঞ্জাবি উপহার দিতেন, আর অন্যদিকে বোনদের প্রতি দাদাবাবুর উপহার ছিল বহুমূল্য শাড়ি। সেই সময়ে শাড়ি উপহার দেওয়ার চলই বেশি ছিল। মিষ্টির ক্ষেত্রেও মহানায়কের বায়নাক্কা ছিল স্পষ্ট— মিষ্টির থালায় গুটিকয়েক রসগোল্লা, লালচে পান্তুয়া আর হাতে গড়া নারকেল নাড়ু থাকতেই হবে!
ফোঁটার আচার শেষ হলেই শুরু হতো ভূরিভোজের মহা-আয়োজন। বাড়ির ঠাকুমা, পিসি, জেঠি ও মাসিরা মিলে রন্ধনশালায় তুলতেন এলাহি কাণ্ড। গরম ধোঁয়া ওঠা ভাত, গাওয়া ঘিয়ে ভাজা সোনা মুগের ডাল, পাঁচ রকমের ভাজাভুজি, বিভিন্ন তরকারি, রুই-কাতলার কালিয়া আর কচি পাঁঠার লাল ঝোল— কী থাকত না সেই মেনুতে!
পরবর্তীকালে ভবানীপুরের পৈতৃক বাড়ি ছেড়ে তিনি ময়রা স্ট্রিটে আলাদা থাকা শুরু করলেও এই একটি দিনে কোনও ব্যতিক্রম ঘটেনি। প্রতি বছর নিয়ম করে ভাইফোঁটার দিন সকালেই পৌঁছে যেতেন ভবানীপুরের ভিটেয়। সারাদিন পরিবারের সবার সঙ্গে আড্ডা, হাসি-হুল্লোড় আর খাওয়া-দাওয়ায় মেতে থেকে রাতের বেলা আবার নিজের ডেরায় ফিরতেন মহানায়ক। স্টারডম ও আভিজাত্যের ওপারে দাঁড়িয়ে ভবানীপুরের সেই চিরচেনা ‘উত্তম’ আর তাঁর ভাইফোঁটার এই স্মৃতিকথা আজও অমলিন হয়ে রয়েছে টলিপাড়ার ইতিবৃত্তে।
