Bengali mega serial: মাত্র ৯ মাসেই বন্ধ হল আরেক মেগা সিরিয়াল, কী লিখলেন ধারাবাহিকের নায়ক?
Serial off air: ধারাবাহিকটির পথচলা শেষ হতেই মনখারাপ ভক্তমহলের। আর পর্দার জনপ্রিয় চরিত্র ‘রেহান মল্লিক’-কে চিরতরে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। শুটিংয়ের শেষ দিনে সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ ও হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক বলতেই দর্শকদের মনে এক অন্যরকম ভালোলাগা কাজ করে। আর সেই তালিকায় নিজের পাকা জায়গা করে নিয়েছিল ‘ভালোবাসার রঙ রুট’ ধারাবাহিকটি। তবে সমস্ত ভালো কিছুরই একটা শেষ থাকে। শত দর্শকের ভালোবাসা কুড়নোর পর এবার আনুষ্ঠানিকভাবে পর্দা নামল এই মেগা সিরিয়ালের। ধারাবাহিকটির পথচলা শেষ হতেই মনখারাপ ভক্তমহলের। আর পর্দার জনপ্রিয় চরিত্র ‘রেহান মল্লিক’-কে চিরতরে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। শুটিংয়ের শেষ দিনে সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ ও হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন ইন্দ্রনীল?
নিজের ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে ইন্দ্রনীল লিখেছেন— ‘একটি চরিত্র। কত রকম রূপ ও রং। আর অজস্র স্মৃতি। অবশেষে রেহান মল্লিক এবং ‘ভালোবাসার রঙ রুট’-কে বিদায় জানানোর সময় এসে গেল। রেহান চরিত্রটিতে অভিনয় করার অভিজ্ঞতা আমি আজীবন হৃদয়ের খুব কাছে আগলে রাখব। এই পথচলাটি টুইস্ট, টার্ন, চ্যালেঞ্জ এবং নানাবিধ আবেগে পরিপূর্ণ ছিল— ঠিক যেমনটা এই পুরো বছরটি ছিল আমার কাছে একটা রোলার কোস্টারের মতো!’
ধারাবাহিকের পুরো টিম ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমাদের এই পুরো টিমকে আমার আন্তরিক ধন্যবাদ— এত উষ্ণতা, ভালোবাসা, হাসিমুখের সময় উপহার দেওয়ার জন্য এবং এই জার্নির প্রতিটি দিনকে স্মরণীয় করে তোলার জন্য। প্রতিটি চরিত্রই অভিনেতার মনে কিছু না কিছু ছাপ ফেলে যায়, আর রেহান আমাকে এমন কিছু অমূল্য স্মৃতি দিয়ে গেল যা সারাজীবন জমিয়ে রাখব। একটা অধ্যায় শেষ হল ঠিকই, কিন্তু পথচলা তো এখানেই থেমে থাকছে না… ফির মিলেঙ্গে, চলতে চলতে… সাইনিং অফ, রেহান মল্লিক।’
সদ্যই হইচই করে ২০০ পর্বের মাইলফলক পার করেছিল এই মেগা সিরিয়াল। কেক কেটে পুরো টিমের একসঙ্গে সেলিব্রেশন করার সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এল মনখারাপ করা খবর। রেহান ও রূপাইয়ের ছকভাঙা প্রেমের এই গল্পটি শুরু থেকেই ড্রইংরুমের দর্শকদের মন জয় করেছিল। কিন্তু সমস্ত সাফল্য সত্ত্বেও ২০০ পর্বের কোঠা ছুঁতেই আচমকা বেজে উঠল বিদায়ঘণ্টা।
ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের এই মনখারাপ করা পোস্টটি সামনে আসতেই তার কমেন্ট বক্সে উপচে পড়েছে অনুরাগীদের ভালোবাসা। পর্দার প্রিয় ‘রেহান’কে আর দেখতে না পাওয়ার আক্ষেপ যেমন ভক্তরা প্রকাশ করেছেন, তেমনই অভিনেতার আগামী দিনের নতুন কাজের জন্য শুভকামনাও জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
