অক্ষয়ের সঙ্গে রেখার প্রেম! কোন গোপন কথা সামনে আনলেন রবিনা ট্যান্ডন?
১৯৯৬ সালে ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’ ছবির শুটিং চলাকালীন তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে বলিপাড়ার ট্যাবলয়েডগুলো ছিল সরগরম। দীর্ঘ সময় পর সেই পুরনো জল্পনা নিয়ে রবিনা ট্যান্ডনের একটি বিস্ফোরক সাক্ষাৎকার নতুন করে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

নয়ের দশকে বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যেত এক অদ্ভুত গুঞ্জন। চিরযৌবনা রেখা এবং তৎকালীন ‘অ্যাকশন হিরো’ অক্ষয় কুমারের তথাকথিত ‘রোম্যান্স’। ১৯৯৬ সালে ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’ ছবির শুটিং চলাকালীন তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে বলিপাড়ার ট্যাবলয়েডগুলো ছিল সরগরম। দীর্ঘ সময় পর সেই পুরনো জল্পনা নিয়ে রবিনা ট্যান্ডনের একটি বিস্ফোরক সাক্ষাৎকার নতুন করে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
রেডিটে (Reddit) ফিরে আসা ‘সিনে ব্লিটজ’ ম্যাগাজিনের সেই পুরনো সাক্ষাৎকারে রবিনা স্পষ্ট জানিয়েছিলেন, অক্ষয় এবং রেখার মধ্যে কোনও প্রেমের সম্পর্ক ছিল না। রবিনার কথায়, “আমার মনে হয় না অক্ষয়ের সঙ্গে রেখার কোনও প্রেমের সম্পর্ক ছিল। উল্টে অক্ষয় ওর থেকে দূরে পালিয়ে বেড়াত। স্রেফ ছবির খাতিরে ও রেখাকে সহ্য করত। আমি আবারও বলছি, অক্ষয় ওকে সহ্য করত যাতে শুটিংয়ের পরিবেশ ঠিক থাকে এবং রেখা হাসিখুশি থাকেন।”
সেই সময় অক্ষয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকা রবিনা আরও কিছু চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছিলেন। তিনি জানান, রেখা মাঝেমধ্যেই অক্ষয়ের জন্য বাড়ি থেকে টিফিন বা ‘লাঞ্চ ডাব্বা’ নিয়ে আসতে চাইতেন। ঠিক সেই মুহূর্তেই রবিনা রাশ টানার সিদ্ধান্ত নেন।
ভাইরাল হওয়া সাক্ষাৎকারে রবিনা বলেন, “নিজের অর্ধেকের কম বয়সী কোনও ছেলের দিকে তাকিয়ে আপনি চোখের পলক ফেলবেন আর সে সাড়া দেবে না, এটা ভাবা ভুল। রেখা মানুষ হিসেবে খুব মিষ্টি, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। কিন্তু কোথাও গিয়ে সেই অতি-ভালোমানুষি উল্টো ফল দিয়েছিল। আমার মনে হয়, কোথায় সীমারেখা টানতে হয় তা ওঁর শেখা উচিত ছিল।”
অক্ষয় ও রেখার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে রবিনা বারবারই দাবি করেন যে, অক্ষয় কেবল সৌজন্যের খাতিরেই রেখার সঙ্গে কথা বলতেন বা হাসাহাসি করতেন। অন্যদিকে, রেখা রবিনার সঙ্গেও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন। রবিনার বয়ানে, “উনি আমার সঙ্গে খুব উষ্ণ ব্যবহার করতেন, অনেকটা প্রিয় বন্ধুর মতো। আমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতেন। সহ-অভিনেতাদের মধ্যে এমন সুসম্পর্ক থাকাটা খুব স্বাভাবিক।”
