‘ওতো শুধু টাইম পাস করবে!’ পরিচালক কেন বাদ দিতে চান আমিরকে?
তবে কুনাল হাল ছাড়েননি। তিনি আমিরকে চিত্রনাট্য শোনান এবং আমির তা পছন্দও করেন। কিন্তু এখানেও ছিল এক টুইস্ট। আমির জানতে চেয়েছিলেন নায়িকা কে হচ্ছেন। কুনাল যখন আমিরের কাছে তিনটি নাম জানতে চান, মিস্টার পারফেকশনিস্ট সোজাসুজি উত্তর দিয়েছিলেন— “কাজল, কাজল এবং কাজল!”

আমির খান এবং কাজল- বড়পর্দায় এই জুটির রসায়ন আজও দর্শকদের বেশ পছন্দের। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ফানা’ (Fanaa) সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। কিন্তু জানলে অবাক হবেন, এই ছবির প্রযোজক আদিত্য চোপড়া শুরুতে আমির খানকে কাস্ট করতেই চাননি! এমনকি আমিরের কাজ করার ধরণ নিয়ে বেশ সন্দিহান ছিলেন তিনি। দীর্ঘ কয়েক বছর পর এক সাক্ষাৎকারে সেই অজানা গল্প শুনিয়েছেন ছবির পরিচালক কুণাল কোহলি।
কুণাল কোহলি জানান, যখন তিনি ছবির হিরো হিসেবে আমির খানের কথা বলেন, তখন আদিত্য চোপড়া খুব একটা উৎসাহ দেখাননি। আদিত্যর তখন মনে হয়েছিল, আমির খান কোনও ছবি করার আগে এত বেশি প্রশ্ন করেন এবং এত সময় নেন যে তাতে কাজ এগোতে সমস্যা হতে পারে। আদিত্য সরাসরি কুণালকে বলেছিলেন, “আমির তোকে ছয় মাস বসিয়ে রাখবে, তোর সঙ্গে শুধু ‘টাইম পাস’ করবে আর শেষে গিয়ে কাজটা করতে মানা করে দেবে।” যশরাজ ফিল্মসের কর্ণধার মনে করেছিলেন, আমিরের এই খুঁতখুঁতে স্বভাবের কারণে ছবির কাজ অযথাই পিছিয়ে যাবে।
তবে কুণাল হাল ছাড়েননি। তিনি আমিরকে চিত্রনাট্য শোনান এবং আমির তা পছন্দও করেন। কিন্তু এখানেও ছিল এক টুইস্ট। আমির জানতে চেয়েছিলেন নায়িকা কে হচ্ছেন। কুণাল যখন আমিরের কাছে তিনটি নাম জানতে চান, মিস্টার পারফেকশনিস্ট সোজাসুজি উত্তর দিয়েছিলেন— “কাজল, কাজল এবং কাজল!”
মজার বিষয় হল, আদিত্য চোপড়া তখনও নিশ্চিত ছিলেন না যে কাজল আদতেও এই ছবি করবেন কিনা । কারণ সেই সময় করণ জোহর তাঁর ‘কভি আলবিদা না কেহনা’ ছবির কাস্টিং করছিলেন। আদিত্যর ধারণা ছিল, কাজল তাঁর প্রিয় বন্ধু করণের ছবি ছেড়ে ফানা-তে সই করবেন না। কিন্তু সব জল্পনা উড়িয়ে কাজল যখন প্রথমবার চিত্রনাট্য শোনেন, তখনই রাজি হয়ে যান। এমনকি উত্তেজনায় নাকি তাঁর হাতের কফিও পড়ে গিয়েছিল টেবিলের ওপর!
আদিত্য চোপড়া বারবার পরিচালককে সতর্ক করেছিলেন যে তিনি সময় নষ্ট করছেন। কিন্তু কুণাল কোহলির নিজের ওপর এবং তাঁর গল্পের ওপর অগাধ বিশ্বাস ছিল। শেষ পর্যন্ত আদিত্য রাজি হন ঠিকই, তবে কুণালকে বলেছিলেন নিজের দায়িত্বে কাজটা এগিয়ে নিয়ে যেতে। বাকিটা তো ইতিহাস। বড় পর্দায় ম্যাজিক তৈরি করেছিল আমির – কাজল জুটি।
পরিচালক আরও একটি মজার স্মৃতি ভাগ করে নেন। ছবির শুটিং চলাকালীন আমির খান তাঁর বিয়ের জন্য ১০ দিনের ছুটি চেয়েছিলেন। কিন্তু তিনি চাননি এই খবর আদিত্য চোপড়া আগেভাগে জানুক। ফলে কুণালকে বেশ বেগ পেতে হয়েছিল সেই ছুটির ব্যবস্থা করতে গিয়ে। পরে যখন আমিরের বিয়ের খবর জানাজানি হয়, তখন আদিত্য অবাক হয়ে কুণালকে জিজ্ঞেস করেছিলেন, “তুমি আগে কেন বলনি?” আজ এত বছর পর ‘ফানা’ বলিউডের অন্যতম বিখ্য়াত ছবি।
