
সম্প্রতি নেটফ্লিক্সের একগুচ্ছ সিরিজের ঝলক দর্শকদের সামনে এলো। বাঙালি দর্শকদের কাছে খুশির খবর , বেশ কিছু সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন বঙ্গ সুন্দরীরা। এর মধ্যে অবশ্যই রয়েছেন বং সেনসেশন রাইমা সেন। হনসল মেহতার পরিচালনায় ‘ফ্যামেলি বিজনেস ‘ সিরিজে অনিল কাপুর ও বিজয় ভর্মার সঙ্গে দেখা যাচ্ছে রাইমা সেনকে। সিরিজের কাজ নিয়ে খুশি অভিনেত্রী, দর্শকদের পছন্দ হবে বলেই আশা করছেন তিনি। তবে ইদানীং খুব কম প্রজেক্টে দেখা যাচ্ছে নায়িকাকে। এই নিয়ে TV9 বাংলার প্রশ্নের উত্তরে রাইমা বললেন, “আমি কম প্রজেক্টে কাজ করছি ঠিক , তবে ভালো প্রজেক্টেই কাজ করব ঠিক করেছি। মুম্বই আর কলকাতার মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করেছি বহুবছর ধরে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ এর শুটিং শেষ করলাম জানুয়ারিতে। এই বছরেই ছবিটি মুক্তি পাবে।” ‘উইন্ডোজ’ প্রযোজনা সংস্থার ২৫ বছরের যাত্রায় এই ছবিটি সাসপেন্স থ্রিলার। রাইমার সঙ্গে একগুচ্ছ টলিপাড়ার অভিনেতাদের দেখা যাবে।
রাইমা আরও বলেন, “আমি বাংলা ছবি ও হিন্দি মধ্যে ব্যালেন্স করে কাজ নিচ্ছি। বহু বছর কাজ করছি, এখন ঠিক করেছি কম কাজ করব, তবে ভালো কাজ করব, আর বাকি সময়টা বাড়িতে পরিবারের সঙ্গে কাটাব। আমরা বেড়াতে ভালোবাসি। পরিবারের সঙ্গে ছুটি কাটাব, বেড়াতে যাব।” নায়িকার স্যোশাল মিডিয়ার পোস্ট বলছে, কাজের ফাঁকে পরিবারের সঙ্গে চুটিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। কয়েক দিন আগেই বোন রিয়া দেব বর্মার জন্মদিন উপলক্ষে দুবাই গিয়েছিলেন রাইমা, সঙ্গে ছিলেন বোন রিয়া, মা মুনমুন সেন ও পরিবারের অন্যরা। রাইমা সেন কাজের পাশাপাশি পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পছন্দ করেন। কিছুদিন আগেই পিতৃবিয়োগ হয়েছে, সেই শোক সামলে কাজ করছেন। মা মুনমুন সেনের সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছেন।
রাইমা সেন তাঁর কেরিয়ারের শুরু থেকেই বাংলা ও হিন্দি সিনেমায় কাজ করছেন। মুম্বই থেকে টলিপাড়া দু’ জায়গাতেই রাইমার নির্দিষ্ট দর্শক রয়েছেন।