শুটিংয়ের জন্য যিশু দাশগুপ্তর নামে বাংলো, কোথায় তৈরি হতে পারে?
পার্পল মুভি টাউনের সংলগ্ন জমিতে এবার শুটিংয়ের জন্য তৈরি হচ্ছে বাংলো। সেই বাংলোর নামকরণ হবে যিশু দাশগুপ্তর নামে, তেমনই খবর। যে সংস্থা এই কাজ এগিয়ে নিয়ে যেতে চায়, তার ডিরেক্টর পায়েল চট্টোপাধ্যায় জানালেন, ''আমাদের একটি বাংলো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তার নামকরণ আমরা বিখ্যাত পরিচালক যিশু দাশগুপ্তর নামে করতে চাই। যাতে নতুন প্রজন্মও তার কাজ সম্পর্কে জানতে পারে, এভাবেই তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করার প্রচেষ্টা করছি আমরা।''

পার্পল মুভি টাউনের সংলগ্ন জমিতে এবার শুটিংয়ের জন্য তৈরি হতে পারে বাংলো। সেই বাংলোর নামকরণ হবে যিশু দাশগুপ্তর নামে, তেমনই খবর। যে সংস্থা এই কাজ এগিয়ে নিয়ে যেতে চায়, তার ডিরেক্টর পায়েল চট্টোপাধ্যায় জানালেন, ”আমাদের একটি বাংলো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তার নামকরণ আমরা বিখ্যাত পরিচালক যিশু দাশগুপ্তর নামে করতে চাই। যাতে নতুন প্রজন্মও তার কাজ সম্পর্কে জানতে পারে, এভাবেই তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করার প্রচেষ্টা করছি আমরা।”
এই নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। দ্রুত শেষ হলে, কবে থেকে শুটিং হতে পারে তা জানা যাবে। টলিপাড়ায় বিশিষ্ট ব্যক্তিত্বরা এমন খবরে খুশি হতে পারেন। এমনিতে পার্পল মুভি টাউনে নিয়মিত শুটিং হয়। বলিউডের বেশ কিছু তারকা অতীতে শুটিং করেছেন এই স্টুডিয়োতে।
বাংলা টেলিভিশনে কালজয়ী কিছু ধারাবাহিক তৈরি করেছেন যিশু দাশগুপ্ত। ‘কুয়াশা যখন’, ‘তিথির অতিথি’, ‘উত্সবের রাত্রি’-র মতো বিভিন্ন কাজ নিয়ে আজও কথা হয়। বাংলার নামী অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই কেরিয়ারের গোড়ার দিকে দারুণ সব কাজ করেছেন এই পরিচালকের সঙ্গে। রূপা গঙ্গোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, গার্গী রায়চৌধুরীর মতো অভিনেত্রীদের অনেকের কথাতেই বারবার ঘুরেফিরে আসে যিশু দাশগুপ্তর নাম। ২০১২ সালে পরিচালকের মৃত্যু হয় শহরের এক হাসপাতালে।
এক সময়ে প্রধানত টালিগঞ্জ চত্বরেই বেশ কিছু স্টুডিয়োতে শুটিং হতো। তবে ক্রমশ তার পরিধি বেড়েছে। পার্পল মুভি টাউনের মতো বেশ কিছু স্টুডিয়োতে গুরুত্বপূর্ণ সব ছবি বা ধারাবাহিকের শুটিং হয়। এবার নতুন বাংলো যোগ হলে, শুটিংয়ে সুবিধা হতে পারে।
