WWE Khali health update: আচমকাই গাড়িতে জোর ধাক্কা, দুমড়ে গেল সামনের অংশ! কেমন আছেন ‘দ্য গ্রেট খালি’?
The Great Khali: পানিপথ টোল প্লাজায় আচমকাই দুর্ঘটনার মুখে পড়ল ‘দ্য গ্রেট খালি’র গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি দেখে থমকে গিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা। কেমন আছেন তারকা কুস্তিগির? নিজেই জানালেন তিনি। কী বলেছেন তিনি?

দ্য গ্রেট খালি (The Great Khali) ওরফে দলীপ সিং রানা বড়সড় পথ দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরলেন। হরিয়ানার পানিপথ টোল প্লাজার সামনে তাঁর এসইউভি গাড়িটির সঙ্গে অন্য একটি গাড়ির জোর ধাক্কা লাগে। ঘটনার পরপরই সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, খালি দাঁড়িয়ে আছেন আর তাঁর গাড়ির সামনের অংশটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দৃশ্য দেখেই ভক্তদের মনে ভয় ধরে গিয়েছিল। প্রিয় তারকার কি কোনও চোট লাগল?
তবে ভক্তদের বেশিক্ষণ দুশ্চিন্তায় রাখেননি খালি। নিজেই মোবাইলটা সামনে ধরে একটি ভিডিয়ো করে সোশাল মিডিয়ায় ছেড়ে দেন। তিনি বলেন, “দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই একের পর এক ফোন আসছে। সবাই জানতে চাইছেন আমি কেমন আছি। আপনাদের আর ঈশ্বরের কৃপায় আমি একদম ঠিক আছি।” হাসিমুখে তিনি আরও যোগ করেন, গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু ওটা কোনও বড় বিষয়ই নয়। তিনি চেয়েছিলেন বিষয়টি নিয়ে যেন অহেতুক কোনও হইচই না হয়। সবশেষে ভক্তদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সবাই সাবধানে থাকবেন। নিজের খেয়াল রাখবেন। জয় ভারত!’
যাঁরা ছোটবেলায় টেলিভিশনের পর্দায় কুস্তি দেখতেন, তাঁদের কাছে খালি মানেই ছিল এক অন্যরকম রোমাঞ্চ। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতা আর প্রায় ১৫৭ কেজি ওজনের এই মানুষটি যখনই রিংয়ে পা রাখতেন, উল্টো দিকের পালোয়ানদের মুখ শুকিয়ে যেত। অথচ এই মানুষটির জীবন কিন্তু রূপকথার মতো শুরু হয়নি। অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে সংসারের হাল ধরতে বহু কষ্ট করেছেন তিনি। পরে পঞ্জাব পুলিশে চাকরি পান এবং বডি বিল্ডিং শুরু করে দু’বার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জিতে নেন।
এরপর ২০০৬ সালে আমেরিকায় গিয়ে ডব্লিউডব্লিউই-এর মঞ্চে পা রাখেন তিনি। প্রথম ম্যাচেই বিশ্বখ্যাত কুস্তিগির ‘দ্য আন্ডারটেকার’-কে মাটিতে শুইয়ে দিয়ে গোটা দুনিয়াকে চমকে দিয়েছিলেন। সময় অনেক গড়িয়েছে, কিন্তু ভারতের এই তারকার প্রতি মানুষের ভালোবাসা যে আজও একটুও কমেনি, পানিপথের ঘটনার পর অনুরাগীদের উদ্বেগ দেখেই তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।
