PM Narendra Modi: ‘আমার এই চোখেই স্বপ্নগুলি পূরণ হতে দেখতে চাই, দেশবাসীর উপর ভরসা রয়েছে’, বললেন প্রধানমন্ত্রী
PM Modi in Bastar: প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশ যে সংকল্প নেয়, তা পূরণ করার সামর্থ্য রয়েছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরাব বলেছিলাম, পুরো করিয়ে দেখিয়েছি। বাড়িতে বাড়িতে শৌচালয় বানিয়েছি। আর যখন নেশামুক্ত ভারতের, বিকশিত ভারতের, আত্মনির্ভর ভারতের কথা বলি, তখন দেশ এই লক্ষ্যও পূরণ করবে।"

বস্তার: বস্তারে দীপাবলি পালন করতে গিয়ে মাওবাদী মুক্ত ভারতের কথা উল্লেখ করে জওয়ানদের কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তবে, তাঁর কথায় মাওবাদী শেষ হলেও, এখনও বিপদ রয়ে গিয়েছে। কারণ দেশে দিমাগি নকশাল ঢুকে গিয়েছে। প্রত্যেককে খুঁজে বের করে আনতে হবে। শুধু তাই নয়, মাওবাদী খতমে ও দেশের উন্নয়নে এনডিএ সরকার কী কী করেছে, তাও বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাঁর বার্তা, ভবিষ্যতে ভারতের জন্য যে স্বপ্নগুলি দেখেছেন, তা তিনি নিজের চোখেই পূরণ হতে দেখতে চান।
‘দেশবাসীর উপর ভরসা রয়েছে’
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশ যে সংকল্প নেয়, তা পূরণ করার সামর্থ্য রয়েছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরাব বলেছিলাম, পুরো করিয়ে দেখিয়েছি। বাড়িতে বাড়িতে শৌচালয় বানিয়েছি। আর যখন নেশামুক্ত ভারতের, বিকশিত ভারতের, আত্মনির্ভর ভারতের কথা বলি, তখন দেশ এই লক্ষ্যও পূরণ করবে। আমাকে এই চোখের সামনেই এই স্বপ্নগুলি পূরণ হতে দেখতে চাই, আপনাদের উপর ভরসা রয়েছে। দেশবাসীর উপর ভরসা রয়েছে।” এরপর ফের একবার জওয়ানদের দীপাবলির শুভেচ্ছা জানান তিনি।
আর কী বললেন প্রধানমন্ত্রী?
জওয়ানদের উদ্দেশে মোদী বলেন, “যাঁরা সীমান্তে এবং দেশের অভ্যন্তরে দেশকে রক্ষা করছেন, যাঁরা দেশের প্রহরী, মাতৃভূমির সাহসী সন্তান, আপনারা প্রত্যেকেই আমার পরিবারের সদস্য।” দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতেই বস্তারে এসেছেন বলে জানান প্রধানমন্ত্রী।
এরপরই প্রধানমন্ত্রী জানান, ২০২৬ সালের দীপাবলি স্পেশ্যাল। কারণ প্রথমবার মাওবাদী মুক্ত দীপাবলি পালন করছে দেশ। তিনি বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে দেশের কয়েক দশকের লড়াইয়ে সাফল্য আসার পর এটাই প্রথম দীপাবলি। মাওবাদের আতঙ্ক কাটিয়ে কোটি কোটি দেশবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, এমন পরিস্থিতিতে এটাই প্রথম দীপাবলি।” তবে বিপদ এখনও পুরোপুরি কাটেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
