
নয়া দিল্লি: ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হারের পরই তৃণমূলে ভাঙন ধরেছে। সেই রক্তক্ষরণ চেয়েও আটকাতে পারছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর মাঝেই এবার কি কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব মজবুত করতে চাইছেন অভিষেক?
আজ, বুধবার ১০ জনপথ রোডে সনিয়া গান্ধীর বাসভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক করেন অভিষেক। তাঁর সঙ্গে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন-ও। ইন্ডিয়া জোটের বৈঠকের পরও আলাদাভাবে রাহুলের সঙ্গে অভিষেকের এই বৈঠক নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে।
যেখানে ক্রমাগত ভাঙছে তৃণমূল, আজই ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব, সেখানেই অভিষেকের এই বৈঠক কি দলকে বাঁচানোর মরিয়া চেষ্টা? এই প্রশ্নই জাগছে অনেকের মনে। তবে সূত্রের খবর, মূলত ইন্ডিয়া জোটের সংগঠন এবং আগামিদিনের পরিকল্পনা ও রণকৌশল নিয়েই আলোচনা হচ্ছে দুই নেতার মধ্যে।
অপর একটি সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের ভাঙন রুখতেই কংগ্রেসের হাত ধরতে চাইছেন অভিষেক। গতকাল কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই বৈঠকের মূল উদ্দেশ্য তৃণমূলের ভাঙন রোখাই।
ভোটের আগে যেখানে ইন্ডিয়া জোটকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ছিল তৃণমূল কংগ্রেস। নিজের হাতেই ইন্ডিয়া জোটের স্টিয়ারিং রাখতে চেয়েছিলেন মমতা। সেখানেই ভোটে হারের পর ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে হাজির হয়েছিলেন মমতা ও অভিষেক-দুজনেই। সেই বৈঠকে অভিষেকের উপরে আক্রমণ থেকে শুরু করে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাংবাদিক বৈঠকে কার্যত চুপই ছিলেন তিনি।