Amarnath Yatra: এপ্রিলেই অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন, এই কাগজগুলি না থাকলেই বাতিল আবেদন!
Amarnath Yatra Registration : অনলাইনে আবেদন করতে হলে SASB ওয়েবসাইট বা 'শ্রী অমরনাথজি যাত্রা' মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা করা যাবে। অনলাইন প্রক্রিয়ায় মোবাইল নম্বর এবং ইমেলের মাধ্যমে OTP যাচাইকরণের প্রয়োজন হবে। আবেদনকারীকে অবশ্যই ৮ এপ্রিল বা তারপরে ইস্যু করা বাধ্যতামূলক স্বাস্থ্য শংসাপত্র (CHC)-এর একটি স্ক্যান করা কপি এবং একটি পাসপোর্ট ছবি আপলোড করতে হবে।

শ্রীনগর: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। চলবে ৫৭দিন। ৩ এপ্রিল থেকে যাত্রা শুরু হচ্ছে। ২৮ অগাস্ট পর্যন্ত চলবে। যাত্রার আগে ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হবে। যেখানে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করে আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা করা হবে। এদিকে,রেজিস্ট্রেশনের দিনক্ষণও ঘোষণা হয়ে গেল। চলতি মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রত্যেক বছরই অমরনাথের দর্শন পেতে মুখিয়ে থাকেন লক্ষ লক্ষ ভক্ত। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তবে, কোথায় কীভাবে রেজিস্ট্রেশন করবেন, নিয়ম কী, কারা রেজিস্ট্রেশন করতে পারবেন, তা জেনে নেওয়া যাক
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হলে SASB ওয়েবসাইট বা ‘শ্রী অমরনাথজি যাত্রা’ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা করা যাবে। অনলাইন প্রক্রিয়ায় মোবাইল নম্বর এবং ইমেলের মাধ্যমে OTP যাচাইকরণের প্রয়োজন হবে। আবেদনকারীকে অবশ্যই ৮ এপ্রিল বা তারপরে ইস্যু করা বাধ্যতামূলক স্বাস্থ্য শংসাপত্র (CHC)-এর একটি স্ক্যান করা কপি এবং একটি পাসপোর্ট ছবি আপলোড করতে হবে।
অফলাইনের ক্ষেত্রে নির্ধারিত ব্যাঙ্ক শাখায় আবেদন করা যাবে। ১৫ এপ্রিল থেকে ব্যাঙ্কে যেতে হবে। আগে এলে আগে আবেদন করতে পারবেন। অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রক্রিয়া মেনে চলা হচ্ছে। অফলাইনের ক্ষেত্রেও চিকিৎসকের দ্বারা ইস্যু করা স্বাস্থ্য শংসাপত্র দেখাতে হবে। আধার কার্ডের মতো একটি বৈধ পরিচয়পত্র দেখাতে হবে।
ব্যাঙ্কে ই-কেওয়াইসি সিস্টেমের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণ তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা হবে। রেজিস্ট্রেশনের জন্য ১৫০ টাকা করে দিতে হবে। একইসঙ্গে ২০২৬ সালে অমরনাথ যাত্রার জন্য RFID কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। যা বায়োমেট্রিক যাচাইয়ের পর নির্দিষ্ট কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে। এই কার্ড ছাড়া অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হবে না।
আবেদনের যোগ্যতা
অমরনাথ যাত্রায় অংশ নেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। ১৩ থেকে ৭০ বছরের ব্যক্তিরা অমরনাথ যাত্রায় অংশ নিতে পারবেন। ছয় সপ্তাহের বেশি অন্তঃসত্ত্বাদের অমরনাথ যাত্রায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে।
অমরনাথ যাত্রার রুট
অমরনাথ যাত্রার জন্য দু’টি পথ নির্ধারিত রয়েছে। পহেলগাঁও রুট (প্রায় ৪৬ কিমি)। আরেকটা রুট হব অপেক্ষাকৃত ছোট কিন্তু খাড়া বালতাল রুট (প্রায় ১৪ কিমি)। এছাড়া যাঁরা পায়ে হেঁটে যাত্রা করতে পারবেন না, তাঁদের জন্য হেলিকপ্টার পরিষেবাও রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রার সময় নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে।
