Bisleri Water: বাজারে বিক্রি হওয়া বোতলের জল সত্যিই বিপজ্জনক? এবার বিবৃতি দিল ‘বিসলেরি’
Bisleri Water Report: প্রাথমিক ভাবে ছ'টি নমুনাই মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছিল। তবে পরবর্তী পরীক্ষায়, ব্যাচ GO 270-এর ছ'টি নমুনার মধ্যে একটিতে প্রতি লিটারে ০.১৪৪ মাইক্রোগ্রাম মাত্রায় পলিঅ্যারোমেটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতি দেখা যায়।

নয়া দিল্লি: পানীয় জলে ব্রোমেট লেভেল বেশি থাকার অভিযোগে সম্প্রতি শিরোনামে উঠে আসে জনপ্রিয় পানীয় জলের ব্র্যান্ড ‘বিসলেরি’। খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-র রিপোর্টে উঠে আসে সেই তথ্য। এমনকী সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমোদনও দেয় FSSAI। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট ক্যানসারের কারণ হতে পারে বলেও আশঙ্কা ছড়ায়। এবার সেই বিষয়ে বিবৃতি দিল বিসলেরি ইন্টারন্যাশনাল।
একটি ব্যাচের রিপোর্টেই আতঙ্ক
বিসলেরি জানিয়েছে, FSSAI-এর তরফে স্পষ্ট করা হয়েছে যে ২০২৫ সালের সেপ্টেম্বরে শুধুমাত্র ওই সংস্থার গোয়া প্লান্টে তৈরি হওয়া একটি জলের ব্যাচেই ওই অতিরিক্ত ব্রোমেট স্তর পাওয়া গিয়েছিল। মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে যে, ২৩ নভেম্বর FSSAI এই বিষয়টি স্পষ্ট করেছে। বিসলেরি আরও দাবি করেছে যে ১৪ মাস আগে তৈরি একটি ব্যাচের মাত্র একটি নমুনা পরীক্ষা করেই এই রিপোর্ট এসেছিল। তার ভিত্তিতেই মামলা করার অনুমোদন দেয় খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা।
বিসলেরি জানিয়েছে যে গোয়া প্ল্যান্টে ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর তৈরি হওয়া GO 270 এর ক্ষেত্রে ওই রিপোর্ট এসেছিল। সেই ব্যাচের কোনও জল আর বাজারে নেই বলে জানানো হয়েছে। সংস্থাটি প্রতি বছর ৫০,০০০-এরও বেশি ব্যাচ উৎপাদন করে।
বিসলেরির জন্য কতটা নিরাপদ?
জানা গিয়েছে, একই উৎস থেকে জল নিয়ে ছ’টি নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল। প্রাথমিক ভাবে ছ’টি নমুনাই মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছিল। তবে পরবর্তী পরীক্ষায়, ব্যাচ GO 270-এর ছ’টি নমুনার মধ্যে একটিতে প্রতি লিটারে ০.১৪৪ মাইক্রোগ্রাম মাত্রায় পলিঅ্যারোমেটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতি দেখা যায়।
বিসলেরি আরও জানিয়েছে তারা এই ফলাফলের অসঙ্গতিগুলো তুলে ধরেছিল আগেই। পুনরায় পরীক্ষার আর্জিও জানিয়েছিল। বিসলেরি দাবি করেছে যে তাদের পণ্য খাওয়ার জন্য যথেষ্ট নিরাপদ। সংস্থাটি জানিয়েছে যে তারা FSSAI-এর সঙ্গে সহযোগিতা করবে।
