AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Women Seat Reservation: মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিশেষ অধিবেশন, এবার তিন লাইন হুইপ জারি বিজেপির

Women Seat Reservation: মহিলা সংরক্ষণ বিল (সংশোধনী) পাস করাতে আগামী সপ্তাহের ১৬, ১৭ ও ১৮ এপ্রিল বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সংশোধনী নিয়ে ভোটাভুটি অবশ্যম্ভাবী আঁচ করতে পেরেই দলীয় সাংসদদের ১০০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে মরিয়া বিজেপি। অনুমান করা হচ্ছে, সেই কারণেই তিন লাইন হুইপ জারি করা হয়েছে। হুইপে বলা হয়েছে, দলের সাংসদকে অধিবেশনের সময় অবশ্যই সংসদে উপস্থিত থাকতে হবে।

Women Seat Reservation: মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিশেষ অধিবেশন, এবার তিন লাইন হুইপ জারি বিজেপির
নরেন্দ্র মোদীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 12, 2026 | 12:03 PM
Share

নয়াদিল্লি : মহিলা সংরক্ষণ বিল (সংশোধনী) কি পাস হবে সংসদে? আগামী সপ্তাহেই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ওই অধিবেশনে দলীয় সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে এবার তিন লাইন হুইপ জারি করল বিজেপি। অর্থাৎ বিশেষ অধিবেশনে সাংসদদের যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে, মহিলা আসন সংরক্ষণ বিলে প্রস্তাবিত সংশোধনীতে সমর্থনের আবেদন জানিয়ে গতকালই সব রাজনৈতিক দলকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০২৩ সালে সংসদে পাস হয়েছিল ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিল। লোকসভা,বিধানসভা সহ সমস্ত আইনসভাতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতেই এই বিল পাস করা হয়েছিল। বলা হয়েছিল, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে,বিল যখন পাস হয়,তখন বলা হয়েছিল প্রথমে জনগণনা হবে । তারপর ওই জনগণনার ভিত্তিতে জনবিন্যাস কত হচ্ছে, তা দেখে নেওয়া হবে। তার ভিত্তিতেই আসন পুনর্বিন্যাস করা হবে। তারপরই এই মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়িত করা হবে। কিন্তু এখন কেন্দ্র এই বিলে সংশোধনী আনতে চাইছে। কেন্দ্র বলছে, আসন্ন যে জনগণনার কথা উল্লেখ করা হয়েছিল বিলে, সেটা বাদ দেওয়া হচ্ছে। ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে।

মহিলা সংরক্ষণ বিল (সংশোধনী) পাস করাতে আগামী সপ্তাহের ১৬, ১৭ ও ১৮ এপ্রিল বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সংশোধনী নিয়ে ভোটাভুটি অবশ্যম্ভাবী আঁচ করতে পেরেই দলীয় সাংসদদের ১০০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে মরিয়া বিজেপি। অনুমান করা হচ্ছে, সেই কারণেই তিন লাইন হুইপ জারি করা হয়েছে। হুইপে বলা হয়েছে, দলের সাংসদকে অধিবেশনের সময় অবশ্যই সংসদে উপস্থিত থাকতে হবে। নির্দিষ্ট বিষয়ে দলের নির্দেশ অনুযায়ী ভোট দিতে হবে।

গতকালই মোদী সব দলকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি লেখেন,”আগামী ১৬ এপ্রিল থেকে সংসদে নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল নিয়ে একটি ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠিত হতে চলেছে। এই বিশেষ অধিবেশনটি আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার একটি সুযোগ। আমি এই চিঠিটি লিখছি যাতে আমরা সবাই এই সংশোধনী পাস করতে পারি। সংসদে এই বিষয়ে সদস্যরা তাঁদের মতামত প্রকাশ করলে খুব ভালো হয়। এই মুহূর্তটি কোনও একটি দল বা ব্যক্তির ঊর্ধ্বে। এটি নারী এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব প্রদর্শনের মুহূর্ত। যেহেতু সব রাজনৈতিক দলই দীর্ঘদিন ধরে রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর ইচ্ছা প্রকাশ করে আসছে, তাই সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার এটাই সঠিক সময়।”

এদিকে, মহিলা সংরক্ষণ বিলে প্রস্তাবিত সংশোধনীকে সমর্থন করতে পারে কংগ্রেস। সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, আগামী ১৫ এপ্রিল ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠক ডাকতে পারেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তবে বৈঠকে তৃণমূল যোগ দেবে কি না, তা অনিশ্চিত।

Follow Us