New Passport Norms: ভারতীয় নাগরিকত্ব চাইলে বাংলাদেশিদের মানতেই হবে নতুন পাসপোর্ট নিয়ম
India’s New Citizenship Norms: ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করা হয়েছে। সেখানে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। বিধি সংশোধন অনুযায়ী, আফগানিস্তান বা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যু করা কোনও বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা যাবে না। আর কী কী বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় জেনে নিন

নয়া দিল্লি : আপনি কি বাংলাদেশী? আপনি কি ভারতের নাগরিকত্ব চাইছেন? সেক্ষেত্রে পাসপোর্ট (Passport) সংক্রান্ত বিষয়ে নতুন নিয়ম আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আপনার পাসপোর্ট (Passport) মেয়াদোত্তীর্ণ কি না বা বৈধ পাসপোর্ট থাকলেও, সেই সংক্রান্ত বিবরণ দিতে হবে। লিখিত আকারে পাসপোর্টের সব বিবরণ জমা দিতে হবে। শুধু বাংলাদেশি (Bangladesh) নয়, পাকিস্তান (Pakistan) ও আফগানিস্তানের (Afganistan) নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা
- ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করা হয়েছে। সেখানে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। বিধি সংশোধন অনুযায়ী, আফগানিস্তান বা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যু করা কোনও বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা যাবে না।
- আবেদনকারীর যদি একটি সক্রিয় পাসপোর্ট থাকে, তবে তাঁকে পাসপোর্ট নম্বর এবং অন্যান্য বিবরণ যেমন পাসপোর্ট ইস্যু করার তারিখ, স্থান দিতে হবে। মেয়াদ শেষ হওয়ার তারিখও জানাতে হবে। সবটা লিখিত আকারে জানাতে হবে।
- নাগরিকত্বের আবেদন অনুমোদনের ১৫ দিনের মধ্যে তাদের বৈধ অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট ডাকবিভাগের সিনিয়র সুপা বা সুপারের কাছে জমা দিতে হবে।
নতুন যুক্ত হওয়া অনুচ্ছেদে বিধিমালার ১সি তফসিলের পরে যুক্ত হবে। সেক্ষেত্রে ভারতীয় নাগরিকত্ব প্রযোজ্য হবে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের জন্যও। নাগরিকত্ব (সংশোধন) আইন,২০১৯-এর ফলে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আসা অমুসলিম অভিবাসীদের হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের জন্য ভারতীয় নাগরিকত্ব প্রদানের পথ প্রশস্ত হয়েছে।
