
নয়া দিল্লি: রাজধানীতে আজ মেগা সমাবেশ বিরোধী জোট ইন্ডিয়া (INDIA bloc)-র। সেই সমাবেশে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। একদিন আগেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন তিনি। গতকাল, শনিবার রাতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে দেখা করেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তারপরই বড় ঘোষণা।
এসআইআর নিয়ে বিতর্কের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে পথে নেমেছিল ককরোচ জনতা পার্টিও। অভিজিৎ দীপকে থেকে শুরু করে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা- একের পর এক সিজেপি নেতা গ্রেফতার হন। তখন তাদের পাশে দাঁড়িয়েছিল বিরোধী দলগুলি। সমর্থন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার তাঁর সঙ্গে দেখা করে ধন্যবাদ জানান অভিজিৎ দীপকে।
আজ দিল্লির রামলীলা ময়দানে মেগা সমাবেশের আয়োজন করেছে ইন্ডিয়া জোট। কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস (মমতা বন্দ্যোপাধ্যায়), সিপিএম, এনসিপি (শরদ পওয়ার), শিবসেনা (ইউবিটি) সহ একাধিক বিরোধী দল যোগ দেবে এই সমাবেশে। তাদের কর্মী-সমর্থকরাও যোগ দেবেন।
গতকাল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করার পর অভিজিৎ দীপকে জানিয়েছেন, তিনি ইন্ডিয়া জোটের এই কর্মসূচিকে সমর্থন করছেন। তবে ককরোচ জনতা পার্টি রামলীলা ময়দানে এই কর্মসূচিতে অংশ নেবে না। এ কথাও স্পষ্টভাবে জানিয়ে দেন। দীপকে জানান, তাদের (সিজেপি) স্বাধীন সত্ত্বা বজায় রাখতে চান। সেই কারণেই ইন্ডিয়া জোটের কর্মসূচিতে অংশ নেবেন না তিনি বা তাঁর দল।
নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে প্রথমবার আন্দোলন শুরু করেছিল ককরোচ জনতা পার্টি, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন জানিয়েছিলেন। এরপরে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারির সময়ও সমর্থন করেছিলেন। এই কারণেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এসেছিলেন দীপকে।
রবিবারের কর্মসূচিতে অংশ নেওয়ার প্রসঙ্গে দীপকে বলেন, “আমরা এই বিক্ষোভকে সমর্থন করছি এবং পাশে আছি। তবে ককরোচ জনতা পার্টি স্বাধীন প্রতিষ্ঠান এবং নিরপেক্ষ প্ল্যাটফর্ম। আমরা সেই পরিচয়ই বজায় রাখতে চাই। যারাই ভোট চুরির বিরুদ্ধে লড়বে, আমাদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে। আমরা সবাইকে সমর্থন করছি।”
এদিকে গতকাল সাক্ষাতের পরই অভিজিৎ দীপকেকে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা (সিজেপি) এই কর্মসূচিতে পূর্ণ সমর্থন করেছে, আমরাও ওদের প্রতি সমর্থন জানিয়েছি। ওদের নিয়ে আমি খুব গর্বিত। ওরাই এই আন্দোলনের পথপ্রদর্শক, আমাদের সেটা মনে রাখতে হবে।”