
নয়া দিল্লি: এসআইআর বিতর্কই হাতিয়ার। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এককাট্টা বিরোধীরা। এবার শুধু রাজধানী দিল্লিতে নয়, জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে দিতে মরিয়া কংগ্রেস।
জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে দিল্লিতে যে বিক্ষোভের আঁচ রয়েছে, তা সমস্ত রাজ্যেই ছড়িয়ে দিতে চাইছে কংগ্রেস। জানা গিয়েছে, ‘দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে অপসারণ করুক কেন্দ্র’ – এই দাবি জানিয়ে আজ কেরলম বিধানসভায় প্রস্তাবনা (resolution) পাস করবে কংগ্রেস সরকার।
সূত্রের খবর, মূল বিরোধী দল এলডিএফ (LDF)-ও কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন সরকারের এই প্রস্তাবকে সমর্থন করবে।
পরবর্তী ক্ষেত্রে কর্নাটক, তেলঙ্গানা, হিমাচল প্রদেশের মতো কংগ্রেস শাসিত রাজ্যের বিধানসভাতেও একই পদক্ষেপ নেওয়া হবে।
তামিলনাড়ুর মতো রাজ্য যেখানে রাজ্য সরকারের শরিক কংগ্রেস অথবা সহযোগী বিরোধী দল শাসিত রাজ্যেও একই পদক্ষেপ নিয়ে কেন্দ্রের উপর চাপ তৈরির জন্য আবেদন করছে কংগ্রেস।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে তৎকালীন এলডিএফ সরকার এসআইআর (SIR)-এর বিরুদ্ধে কেরল বিধানসভায় একই রকম প্রস্তাব এনেছিল। সেই সময়ে ওই প্রস্তাবে সমর্থন করেছিল কংগ্রেস।
জানা গিয়েছে, কংগ্রেস সরকারের আনা প্রস্তাবনায় জাতীয় নির্বাচন কমিশনারের অপসারণের পাশাপাশি বাদ যাওয়া ভোটারদের ভোটাধিকার ফেরানোর দাবিও থাকবে। মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচনের কমিটি পুনর্গঠনের দাবিও থাকছে প্রস্তাবে।