
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই দল ছাড়ছেন গৌতম গম্ভীর? বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার আগেই দায়িত্ব ছাড়তে চাইলেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir)। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। দল ছাড়তে চেয়ে জেপি নাড্ডা(JP Nadda)-কে চিঠিও দিয়েছেন গম্ভীর।
শনিবার সকালেই বিজেপি সাংসদ গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান যে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইছেন তিনি। এবার তিনি ক্রিকেটেই মন দিতে চান। সেই কারণেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত।
এক্স হ্যান্ডেলে গৌতম গম্ভীর লেখেন, “আমি দলের সভাপতি জেপি নাড্ডাজিকে অনুরোধ করছি আমায় সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দিন যাতে আমি ক্রিকেটে নজর দিতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই আমায় জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। জয় হিন্দ।”
বিজেপি সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে গৌতম গম্ভীরের টিকিট না পাওয়ার সম্ভাবনা প্রবল ছিল। সম্ভবত সেই কারণেই বিজেপি ছাড়ছেন গৌতম গম্ভীর।
প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। ৬ লক্ষ ৯৫ হাজারেরও বেশি ভোট পেয়ে পূর্ব দিল্লির সাংসদ হন তিনি।
গত দু’দিন আগেই দিল্লির সাতটি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে দিল্লি বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা হয়েছে। বুধবার রাত তিনটে অবধি বিজেপির সর্বভারতীয় স্তরের বৈঠক হয়। ওই বৈঠকে বিজেপির প্রথম ১০০ জন প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে বলে সূত্রের খবর।