Tamil Nadu Govt Crisis: বিজয়ের দল TVK-ই সরকার গড়ছে তামিলনাড়ুতে! পালানিস্বামী-র পোস্টে জোর জল্পনা
Vijay government formation: এক্স হ্যান্ডেলের পোস্টে কোনও দলের নাম উল্লেখ করেননি পালানিস্বামী। লেখেন, "সম্প্রতি, ১৭তম তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সফলভাবেই সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। তামিলনাড়ুতে সরকার গঠনকারী দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।"

চেন্নাই : তামিলনাড়ুতে সরকার (Tamil Nadu Government) গঠনের অনিশ্চয়তা কি কাটতে চলেছে? টানটান উত্তেজনার পর অবশেষে দক্ষিণের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়ই? এতগুলো প্রশ্ন উঠছে একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। পোস্ট করেছেন আবার এআইএডিএমকে প্রধান পালানিস্বামী। পোস্টে তামিলনাড়ুর নতুন সরকারকে ((Tamil Nadu Government Formation) শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর এই পোস্টের পর থেকেই বিজয়ের (Vijay) মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা আরও তুঙ্গে উঠেছে। রাজনৈতিক সমালোচকরা বলছেন, বিজয়ের সরকারকেই শুভেচ্ছা জানিয়েছেন।
ঠিক কী পোস্ট করেছেন পালানিস্বামী?
এক্স হ্যান্ডেলের পোস্টে কোনও দলের নাম উল্লেখ করেননি পালানিস্বামী। লেখেন, “সম্প্রতি, ১৭তম তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সফলভাবেই সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। তামিলনাড়ুতে সরকার গঠনকারী দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।” রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজয়ের টিভিকে সরকারের উদ্দেশেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে, টিভিকে শেষপর্যন্ত ভিসিকে দলের সমর্থন পেয়েছে। আর তারপরই বিজয়ের দলকে শুভেচ্ছা জানিয়েছে পালানিস্বামী।
তামিলনাড়ুর রাজনীতি
চলতি বছর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে মোট ১০৮টি আসনে জিতেছিল বিজয়ের টিভিকে। তবে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ১১৮। ইতিমধ্যেই কংগ্রেস ও সিপিআই ও সিপিআই(এম)-এর সমর্থন পেয়ে ১১৬-তে পৌঁছেছিল বিজয়ের দল। বাকি ছিল আর দু’টি আসন। ভিসিকে-র কাছে সমর্থন চেয়েছিল বিজয়ের দল। এবারের নির্বাচনে ভিসিকে দু’টি আসন পায়। সেক্ষেত্রে ভিসিকে সমর্থন করলেই সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে টিভিকে সরকার গঠন করবে। সূত্র মারফত জানা যাচ্ছে, সেই সমর্থন বিজয় পেয়ে গিয়েছেন। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
এদিকে, এর আগে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল, ভিসিকে-র উপরই নির্ভর করবে তামিলনাড়ুতে সরকার গঠন কে করবে। কারণ শোনা যাচ্ছিল, ভিসিকে-র প্রধান মুখ্যমন্ত্রীও হতে পারেন। জোট নিয়ে এআইএডিএমকে-কে ডিএমকে শর্ত দিয়েছে যে, ভিসিকে-র মতো জোটসঙ্গীকে মন্ত্রী আসন দিতে হবে। ডিএমকে-র কথাতেই নাকি বিজয়কে সমর্থন জানায়নি ভিসিকে। পরে অবশ্য ভিসিকে-র প্রধানের মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনাকে অস্বীকার করেছে এআইএডিএমকে। এরপরই পালানিস্বামীর পোস্ট বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
