Engineering Student: মহিলা বাথরুমের ভিতর উঁকি দিচ্ছে বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র, তারপর…
Engineering Student: অভিযুক্ত ছাত্র বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের বিবিএ এলএলবি পঞ্চম সেমিস্টারের পড়ুয়া। তার মোবাইল ফোনে প্রায় ১২০০টি নগ্ন ছবি এবং অন্য মহিলাদের ভিডিয়ো পাওয়া গিয়েছে। তার বিরুদ্ধে যৌন হেনস্থা এবং তথ্য-প্রযুক্তি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বেঙ্গালুরু: মহিলা বাথরুমের ভিতর উঁকি দিচ্ছে বিশ্ববিদ্যালয়েরই (University) এক ছাত্র। শুধু উঁকি দেওয়া নয়, মোবাইলে ভিডিয়োও রেকর্ড করেছে। চাঞ্চল্যকর এমনই ঘটনার অভিযোগ উঠেছে বেঙ্গালুরুর (Bengaluru) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই ওই ছাত্রের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং তথ্য-প্রযুক্তি ধারায় মামলা দায়ের করেছে গিরিনগর পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্ত ছাত্রের নাম শুভম এম আজাদ। বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের বিবিএ এলএলবি পঞ্চম সেমিস্টারের পড়ুয়া। ২১ বছর বয়সি এই ছাত্রের বিরুদ্ধে এই নিয়ে পরপর দু-বার মহিলা বাথরুমের ভিতর উঁকি দিয়েছে এবং মোবাইলে ভিডিয়ো করার অভিযোগ উঠেছে। প্রথমবার তাকে ছেড়ে দেওয়া হলেও পুনরায় একই অপরাধ করায় তাকে গ্রেফতার করা হয়েছে। অপরাধের কথা কবুলও করেছে অভিযুক্ত। সে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের তিন-চার মহিলার নগ্ন ছবি মোবাইলে ভিডিয়ো করেছে। তার মোবাইল ফোনে প্রায় ১২০০টি নগ্ন ছবি এবং অন্য মহিলাদের ভিডিয়ো পাওয়া গিয়েছে। এই ঘটনায় ওই ছাত্রের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং তথ্য-প্রযুক্তি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগেও ২১ বছর বয়সি ওই ছাত্রের বিরুদ্ধে মহিলা বাথরুমের ভিতর উঁকি দেওয়া এবং মোবাইলে ভিডিয়ো করার অভিযোগ উঠেছিল। তখন তার বিরুদ্ধে কোনও মামলা রুজু করা হয়নি। অভিযুক্ত ছাত্রকে পাকড়ও করা হলে সে এই ঘটনার জন্য ক্ষমা চায় এবং এই ধরনের ঘটনা আর করবে না প্রতিশ্রুতি দিয়ে চিঠি দেয়। ফলে সেবার তাকে কেবল সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়। কিন্তু দিন দুয়েক পর ফের একই ঘটনা ঘটার অভিযোগ উঠেছে। এবার দুই ছাত্রী শুভম আজাদকে ওই কুকর্ম করতে হাতেনাতে ধরে ফেলেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ জানান বলে জানা গিয়েছে। মহিলা বাথরুমের বাইরের সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে, শুভম বাথরুমের ভেন্টিলেটর দিয়ে উঁকি মারছিল। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, শুভম আজাদ ছাত্রীদের নগ্ন ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই ওই ছাত্রের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং তথ্য-প্রযুক্তি ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) পি. কৃষ্ণকান্ত।
