
নয়া দিল্লি: ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে করে প্রত্যেক ব্যক্তিকে ভোটাধিকার নিশ্চিত করার আবেদন জানিয়ে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। আবেদনে জানানো হয়েছে, ট্রাইবুনালে যাদের আবেদনের নিষ্পত্তি হচ্ছে তাদের ভোটাধিকার দেওয়া হোক। আবেদনকারী বলছেন, ট্রাইবুনালে শুনানি অনন্তকাল চলা আইন মোতাবেক নয়। রিট পিটিশন ফাইল হলে যেমন ৪৮ ঘণ্টার মধ্যে শুনানি করতে হয়, তেমনই কোনও ব্যক্তির আবেদন ট্রাইবুনালে জমা পরার পর ৪৮ ঘণ্টার মধ্যে শুনানি করে তা শেষ করা হোক।
বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০৬ জন নাম বাদ যাওয়া ব্যক্তির তরফে আবেদন করেছেন রাজু ঘোষ নামে ওই জনৈক ব্যক্তি। প্রত্যেক জেলাভিত্তিক ট্রাইবুনাল গঠন করার দাবিও জানানো হয়েছে। আবেদনকারী বলছেন, গ্রামের মানুষেরা অনলাইনে শুনানিতে যোগ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছন্দ নন। সকলের পক্ষে কলকাতায় আসাও সম্ভব নয়। সে কারণেই জেলাভিত্তিকভাবে ট্রাইবুনাল গঠন করার দাবি জানাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, বিবেচনাধীন তালিকায় বাদ যাওয়া ভোটাররা ট্রাইবুনালে ‘পাশ’ হলে এবারের বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে শুক্রবারও কোনও নিশ্চয়তা দেয়নি সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতে এসআইআর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়,এই বিষয়ে আগামী ১৩ এপ্রিল এসআইআর শুনানিতে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। তালিকা ফ্রিজ নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা ভোটার তালিকা ফ্রিজ করার বিষয়টি ১৩ তারিখে বিবেচনা করব।” এখন দেখার সেখানে কী নির্দেশ দেওয়া হয়।