
চেন্নাই: ভোটমুখী বাংলায় এসআইআর-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আর দিন পাঁচেক পর। তার আগেই আর এক ভোটমুখী রাজ্য তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হল। সোমবার দক্ষিণের এই রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক। আর চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে ৭৪ লক্ষের বেশি নাম।
২০২৫ সালের ২৭ অক্টোবর এসআইআর প্রক্রিয়া ঘোষণার সময় তামিলনাড়ুর ভোটার সংখ্যা ছিল ৬.৪১ কোটি। এদিন সেরাজ্যের সিইও অর্চনা পটনায়েক যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন, তাতে নাম রয়েছে ৫.৬৭ কোটির। অর্থাৎ ভোটমুখী এই রাজ্যে ৭৪ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি। পুরুষ ভোটারের সংখ্যা যেখানে ২.৭ কোটি, সেখানে মহিলা ভোটারের সংখ্যা ২.৮ কোটি। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ হাজার ৬১৭ জন।
তামিলনাড়ুর বিধানসভাভিত্তিক ভোটার তালিকা অনুসারে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন শোজহিনগানাল্লুর বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা ৫.৩৬ লক্ষ। আর সবচেয়ে কম ভোটার রয়েছেন হারবার বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে ভোটারের সংখ্যা মাত্র ১.১৬ লক্ষ।
চূড়ান্ত ভোটার তালিকা রাজনৈতিক দলগুলির কাছে পাঠিয়েছে তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। একইসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও নাম তোলা ও বাদ দেওয়ার সুযোগ থাকছে ভোটারদের কাছে। এই তালিকায় ‘অসন্তুষ্ট’ ভোটাররা নাম তোলা কিংবা বাদ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কমিশন। ভোটমুখী তামিলনাড়ুতে এই চূড়ান্ত ভোটার তালিকা অনুসারেই ভোটগ্রহণ হবে।
পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু, তা পিছিয়ে এখন ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। আবার গুজরাট, কেরল-সহ একাধিক রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ইতিমধ্যে।