বাংলার বুকেই Bisleri-র জলের নমুনাতে ব্যাকটেরিয়া! কী সাফাই দিল সংস্থা?
FSSAI: এর আগেও বিসলেরি (Bisleri)-র বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ করেছে ফ্যাসাই। গোয়ায় সংস্থার কারখানা থেকে সংগ্রহ করা পানীয় জলের একটি নমুনায় ব্রোমেট এবং পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনের মতো পদার্থের উপস্থিতি পাওয়া যায়।

নয়া দিল্লি: এত বছরের বিশ্বাস-ভরসা, তা প্রশ্নের মুখে। বিসলেরি (Bisleri) সংস্থার প্যাকেটজাত পানীয় জলের গুণমান নিয়ে বিতর্ক। জানা গিয়েছে, জলপাইগুড়িতে বিসলেরি সংস্থার কারখানায় তৈরি একটি নির্দিষ্ট ব্যাচের জল পরীক্ষা করে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পেয়েছে খাদ্য সুরক্ষা দফতর। তবে সংস্থার দাবি, বেসরকারি দুটি পরীক্ষাগারে পরীক্ষা করিয়ে তারা জলের নমুনায় কোনও সমস্যা খুঁজে পায়নি। দুই পরীক্ষার রিপোর্টে এই পার্থক্য কেন, তা খতিয়ে দেখতে এবার এফএসএসএআই (FSSAI)-এর দ্বারস্থ হয়েছে বিসলেরি ইন্টারন্যাশনাল (Bisleri International)। তারা জানিয়েছে, জলের যে ব্যাচে ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে বলে দাবি, সেটি ইতিমধ্যেই ফিরিয়ে নেওয়া হয়েছে।
বিসলেরি জল নিয়ে বিতর্ক-
বিসলেরির প্যাকেটজাত জল নিয়ে সম্প্রতি শুরু হয়েছিল। গোয়ায় বিসলেরির পানীয় জলে ক্ষতিকর উপাদান পাওয়া গিয়েছিল। এবার বিতর্কের কেন্দ্রে রয়েছে বিসলেরির পিবি২০১ (PB201) ব্যাচ। রাজ্যের জলপাইগুড়ি জেলার তেলিপাড়া গ্রামের কারখানায় এই জল তৈরি হয়েছিল। গত ১২ অগস্ট এফএসএসএআই (FSSAI) এই ব্যাচের জল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে। সেই নির্দেশ মেনে বাজার থেকে সংশ্লিষ্ট ব্যাচের জল তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
কী বলছে রিপোর্ট?
খাদ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থার পরীক্ষায় ওই জলের নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষাগার এবং রেফারেল ফুড ল্যাবরেটরি, দুই জায়গাতেই একই ধরনের ফল পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এরপরই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট ২০০৬ (Food Safety and Standards Act, 2006) অনুযায়ী বিসলেরি ইন্টারন্যাশনাল (Bisleri International)-এর বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে এফএসএসএআই।
কী দাবি বিসলেরির?
তবে ফ্যাসাই (FSSAI)-এর পরীক্ষার ফল নিয়ে প্রশ্ন তুলেছে বিসলেরি। সংস্থার দাবি, ফ্যাসাই স্বীকৃত দুটি স্বাধীন পরীক্ষাগারে তারা ওই ব্যাচের জলের নমুনা পরীক্ষা করিয়েছিল। দুই পরীক্ষাগারের রিপোর্টেই দেখা গিয়েছে, জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। শুধু তাই নয়, অন্যান্য খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়মও মেনেছে ওই নমুনা।
এই দুই ধরনের রিপোর্টের মধ্যে এত পার্থক্য কেন, তা খতিয়ে দেখার জন্য ফ্যাসাই (FSSAI)-কে চিঠি দিয়েছে সংস্থা। নমুনা সংগ্রহের পদ্ধতি, পরীক্ষার নিয়ম, পরীক্ষাগারের রিপোর্ট এবং ফলাফলে পার্থক্যের সম্ভাব্য কারণগুলি খতিয়ে দেখার আবেদন জানিয়েছে তারা। সংস্থার বক্তব্য, গোটা বিষয়টি যেন শিল্পক্ষেত্রের অন্যান্য সংস্থার ক্ষেত্রে যে নিয়ম মানা হয়, সেই একই মাপকাঠিতে বিচার করা হয়।
বিসলেরি আরও জানিয়েছে, পানীয় জলের গুণমান বজায় রাখতে তাদের উৎপাদন প্রক্রিয়ায় ১০টি ধাপে ৯০টিরও বেশি পরীক্ষা করা হয়। সংস্থার দাবি, পানীয় জলের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্যাকেটজাত পানীয় জলের উপর নজরদারি বাড়াচ্ছে FSSAI-
শুধু বিসলেরি নয়, প্যাকেটজাত পানীয় জলের একাধিক সংস্থার উপর নজরদারি বাড়িয়েছে খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা। বিভিন্ন ব্র্যান্ডের জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালাচ্ছে তারা। পাশাপাশি, নামী পানীয় জলের ব্র্যান্ডের মতো দেখতে নাম বা লেবেল ব্যবহার করে যে সংস্থাগুলি ক্রেতাদের বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।
গোয়াতেও বিসলেরির বিরুদ্ধে ব্যবস্থা
এর আগেও বিসলেরি (Bisleri)-র বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ করেছে ফ্যাসাই। গোয়ায় সংস্থার কারখানা থেকে সংগ্রহ করা পানীয় জলের একটি নমুনায় ব্রোমেট এবং পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনের মতো পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরীক্ষার পর ওই নমুনাকে স্বাস্থ্যের পক্ষে নিরাপদ নয় বলে ঘোষণা করা হয়েছিল। সেই ঘটনায়ও সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দেয় সংস্থা। তবে গোয়ার ঘটনাতেও পরীক্ষার ফল নিয়ে আপত্তি জানিয়েছিল বিসলেরি। সংস্থার দাবি ছিল, তাদের নিজস্ব পরীক্ষায় জলে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া গিয়েছে। দুই ক্ষেত্রেই খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সহযোগিতা করে প্রকৃত তথ্য সামনে আনতে চায় বলে জানিয়েছে বিসলেরি।
