High Court: পেনিট্রেশন প্রমাণিত হয়নি, নাবালিকার গোপনাঙ্গে আঙুল স্পর্শ করার প্রমাণই যথেষ্ট, সাজা শোনাল হাইকোর্ট
High Court on POCSO Act: অভিযোগ ছিল যে ২০২০ সালের ২৭ ডিসেম্বর, নাবালিকার মা টিভি দেখার জন্য তাঁর মেয়েকে অভিযুক্তের বাড়িতে রেখে গিয়েছিলেন। ফিরে এসে জানতে পারেন, অভিযুক্ত তাঁর শিশুর গোপনাঙ্গে আঙুল ঢুকিয়ে দিয়েছিলেন, যার ফলে রক্তপাত হয় ও প্রস্রাব করতে অসুবিধা হয়।

গুয়াহাটি: তদন্তে পেনেট্রেশনের প্রমাণ নেই, তারপরও যৌন অত্যাচারের সাজা মিলতে পারে। পকসো মামলায় সে কথা বুঝিয়ে দিল গুয়াহাটি হাইকোর্ট। ১২ বছরের নাবালিকার অভিযোগ সংক্রান্ত মামলায় আদালত উল্লেখ করেছে, বিচার বিভাগীয় তদন্ত বা প্রসিকিউশনে প্রমাণ না হলেও শিশুর গোপনাঙ্গ স্পর্শ করার অভিযোগ থাকলে পকসো আইনে যৌন নিপীড়নের সাজা বহাল থাকতে পারে।
বিচারপতি মাইকেল জোহানখুমা এবং বিচারপতি সঞ্জীব কুমার শর্মার ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। প্রমাণ অনুসারে অভিযোগ যথেষ্টভাবে প্রতিষ্ঠিত না হলেও সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে যে অভিযুক্ত নাবালিকার অন্তর্বাসের ভিতর হাত ঢুকিয়ে তার গোপনাঙ্গ স্পর্শ করেছিলেন। আদালত বলেছে, এই আচরণ পকসো আইনের ৭ নম্বর ধারার অধীনে যৌন অত্যাচার হিসেবে গণ্য হয়।
বিশেষ আদালতের দেওয়া ২০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আবেদনকারী তথা অভিযুক্ত মামলা করেছিলেন গুয়াহাটি হাইকোর্টে।
অভিযোগ ছিল যে ২০২০ সালের ২৭ ডিসেম্বর, নাবালিকার মা টিভি দেখার জন্য তাঁর মেয়েকে অভিযুক্তের বাড়িতে রেখে গিয়েছিলেন। ফিরে এসে জানতে পারেন, অভিযুক্ত তাঁর শিশুর গোপনাঙ্গে আঙুল ঢুকিয়ে দিয়েছিলেন, যার ফলে রক্তপাত হয় ও প্রস্রাব করতে অসুবিধা হয়। ঘটনার প্রায় সাত দিন পর এফআইআর (FIR) দায়ের করা হয়।
হাইকোর্ট নোট করেছে যে মেডিক্যাল পরীক্ষায় কোনও রক্তপাত বা আঘাতের প্রমাণ পাওয়া যায়নি। প্রসিকিউশনের একজন সাক্ষী এও জানিয়েছেন যে ঘটনার ঠিক পরই শিশুর অন্তর্বাস ধুয়ে ফেলা হয়েছিল।
এই মামলায় হাইকোর্ট পেনিট্রেশনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। তবে, শিশুর গোপনাঙ্গ স্পর্শ করার বিষয়টি আদালতের কাছে প্রমাণিত হয়েছে। আদালত উল্লেখ করেছে যে তদন্তকারীরা জানিয়েছিলেন, এফআইআর দায়েরের সময় মা শিশুর কোনও মেডিক্যাল পরীক্ষা করানোর কথা বলেননি। হাইকোর্ট অভিযুক্তকে পকসো আইনের ১০ ধারায় দোষী সাব্যস্ত করেছে। আদালত ১৫,০০০ টাকার জরিমানা বহাল রেখেছে ও কারাদণ্ডের মেয়াদ ২০ বছর থেকে কমিয়ে ৫ বছর করা হয়েছে।
