AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IIT Kharagpur: দেশে প্রথম, খড়গপুর IIT-তে পড়ানো হবে ডাক্তারি! কী কী বিষয়ে MD কোর্স, কীভাবে ভর্তি হবেন, জেনে নিন

IIT Kharagpur Medical Courses: প্রাথমিকভাবে ছ'টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল কোর্স চালু করছে খড়গপুর আইআইটি। প্রতিটি বিষয়ে থাকছে দু'টি করে আসন। অর্থাৎ, প্রথম শিক্ষাবর্ষে মোট ১২ জন পড়ুয়া ভর্তির সুযোগ পাবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া। কোন কোন বিষয়ে পড়ানো হবে, কীভাবে ভর্তি হবেন, জেনে নিন

IIT Kharagpur: দেশে প্রথম, খড়গপুর IIT-তে পড়ানো হবে ডাক্তারি! কী কী বিষয়ে MD কোর্স, কীভাবে ভর্তি হবেন, জেনে নিন
খড়গপুর আইআইটিImage Credit: Tv9 Bangla
| Updated on: Nov 12, 2026 | 9:45 PM
Share

খড়গপুর:  প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের মেলবন্ধনে নতুন দিশা দেখাল খড়গপুর আইআইটি (IIT Kharagpur)। দেশের মধ্যে প্রথম কোনও আইআইটিতে চালু হল চিকিৎসাবিজ্ঞানের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া। প্রাথমিকভাবে মোট ৬টি বিষয়ে ১২টি আসনে পড়ুয়ারা ভর্তির সুযোগ পাবেন। আজ দিল্লিতে এই কোর্স চালুর বিষয়ে সম্মতি মিলেছে।

খড়গপুর আইআইটির ডাঃ বি সি রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে এই পোস্ট গ্র্যাজুয়েট কোর্সগুলি চালু করা হচ্ছে। এতদিন মূলত ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিবিদ্যার জন্য পরিচিত ছিল আইআইটি। এবার চিকিৎসা বিজ্ঞানের উচ্চশিক্ষাতেও পা রাখল এই প্রতিষ্ঠান। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অত্যাধুনিক গবেষণার মেলবন্ধন ঘটানোর ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

৬টি বিষয়ে এমডি কোর্স

প্রাথমিকভাবে ছ’টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল কোর্স চালু করছে খড়গপুর আইআইটি। প্রতিটি বিষয়ে থাকছে দু’টি করে আসন। অর্থাৎ, প্রথম শিক্ষাবর্ষে মোট ১২ জন পড়ুয়া ভর্তির সুযোগ পাবেন।

যে ছ’টি বিষয়ে MD কোর্স চালু হচ্ছে, সেগুলি হল—

  • জেনারেল মেডিসিন (MD General Medicine)
  • রেডিওলজি (MD Radiology)
  • ফিজিওলজি (MD Physiology)
  • প্যাথলজি (MD Pathology)
  • কমিউনিটি মেডিসিন (MD Community Medicine)
  • বায়োকেমিস্ট্রি (MD Biochemistry)

২০২৬-২৭ শিক্ষাবর্ষে NEET-PG 2026-এর অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে যোগ্য প্রার্থীরা এই কোর্সগুলিকে নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারবেন। তবে আসন, যোগ্যতা এবং কাউন্সেলিংয়ের নির্ধারিত নিয়ম মেনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে এআই ও প্রযুক্তির মেলবন্ধন

উদ্যোগের অন্যতম বিশেষত্ব হল, প্রচলিত চিকিৎসা শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রেও পড়ুয়াদের বিশেষভাবে প্রশিক্ষিত করার পরিকল্পনা রয়েছে আইআইটি কর্তৃপক্ষের। বর্তমানে চিকিৎসাবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত ইমেজিং প্রযুক্তি এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার ক্রমশ বাড়ছে। রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা পদ্ধতির উন্নতি-বিভিন্ন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে আধুনিক প্রযুক্তি।

৭৫ বছরের ইতিহাসে নতুন অধ্যায়

১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল খড়গপুর আইআইটি। দেশের প্রথম আইআইটি হিসেবে প্রযুক্তিশিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্রতিষ্ঠান। এবার চিকিৎসাবিজ্ঞানের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হল।

আইআইটির ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, চিকিৎসাক্ষেত্রের উৎকর্ষের সঙ্গে ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গবেষণার সমন্বয়ে একটি বিশেষ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে চায় প্রতিষ্ঠান। তাঁর কথায়, শুধু দক্ষ চিকিৎসক তৈরি করাই নয়, দেশের স্বাস্থ্যক্ষেত্রের বড় সমস্যাগুলির সমাধান করতে সক্ষম উদ্ভাবক তৈরি করাও এই উদ্যোগের লক্ষ্য।

কীভাবে হবে ভর্তি?

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য NEET-PG 2026-এর অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে যোগ্য প্রার্থীরা খড়্গপুর আইআইটির ছ’টি MD কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

আসন সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতার শর্ত, কাউন্সেলিংয়ের দিনক্ষণ এবং ভর্তি প্রক্রিয়া জানতে মেডিক্যাল কাউন্সেলিং কমিটির (MCC) ওয়েবসাইট ও খড়্গপুর আইআইটির সরকারি ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Follow Us