India LPG Tanker : হরমুজ় পেরিয়ে ভারতের দিকে আরও একটি জাহাজ, কত গ্যাস আসছে?
India LPG Tanker crosses Hormuz : সূত্রের খবর, 'গ্রিন আশা' একটি LPG ট্যাঙ্কার। যুদ্ধ পরিস্থিতিতে সফলভাবে পার হওয়া নবম ভারতীয় জাহাজ। এর আগে আরও আটটি ভারতীয় জাহাজ এই হরমুজ় পার করেছে। তবে, কত পরিমাণ এলপিজি রয়েছে এই ট্যাঙ্কারে তা এখনও জানা যায়নি। গত এক মাসে ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন এলপিজি ভারতে এসেছে।

নয়াদিল্লি : ইরান-আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে ৬ এপ্রিল। হাতে আর মাত্র ২৪ ঘণ্টা। ইরানের উপর ভয়ঙ্কর হামলা চালাতে পারে আমেরিকা। এমনই আশঙ্কা করা হচ্ছে। তার মধ্যেই হরমুজ় পার করল আরও একটা জাহাজ।’গ্রিন আশা’ নামে একটি ভারতীয় জাহাজ পার করেছে হরমুজ় প্রণালী। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ। যেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
সূত্রের খবর, ‘গ্রিন আশা’ একটি LPG ট্যাঙ্কার। যুদ্ধ পরিস্থিতিতে সফলভাবে পার হওয়া নবম ভারতীয় জাহাজ। এর আগে আরও আটটি ভারতীয় জাহাজ এই হরমুজ় পার করেছে। তবে, কত পরিমাণ এলপিজি রয়েছে এই ট্যাঙ্কারে তা এখনও জানা যায়নি। এর আগে যে জাহাজগুলি হরমুজ় পার করেছে, সেগুলি হল
শিবালিক নন্দা দেবী জাগ লাড়কি পাইন গ্যাস জাগ বসন্ত বিডব্লিউ টিওয়াইআর বিডব্লিউ ইএলএম গ্রিন সানভি
আটটি ভারতীয় জাহাজের মধ্যে সাতটি হল এলপিজি ট্যাঙ্কার। গতকালই ‘গ্রিন সানভি’ (Green Sanvi) নামে একটি এলপিজি ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। হরমুজ় প্রণালী পারাপার করা অষ্টম ভারতীয় জাহাজ এটি। বাকি একটি হল তেলের ট্যাঙ্কার। গত এক মাসে ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন এলপিজি ভারতে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে ‘গ্রিন আশা’ এবং ‘জগ বিক্রম’ ভারতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলের হামলার পর থেকেই ইরান হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ আরও কড়া করেছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাজারে প্রভাব পড়েছে। যদিও তেহরান জানিয়েছে, ভারত, রাশিয়া, চিন ও পাকিস্তানের মতো ‘বন্ধু’ দেশগুলির জন্য এই পথ খোলা রয়েছে। কিন্তু, বারবার হরমুজ় প্রণালীতে জাহাজগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে, তার মধ্যেও হরমুজ় পারাপার হচ্ছে ভারতীয় জাহাজগুলি।
