AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Asia Power Index 2026: বিনিয়োগের তালিকায় চিনকে টপকে গেল ভারত, এশিয়ার নেতৃত্বের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে মোদী

PM Modi Ranks Second in Asia Leadership: লোয়ি এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬-এ এশিয়ার তৃতীয় সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ভারত। চিনের সঙ্গে ভারতের ব্যবধান নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। আঞ্চলিক নেতৃত্বের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনিয়োগের আকর্ষণ, সামরিক শক্তি এবং কর্মক্ষম জনশক্তির সম্ভাবনার নিরিখেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।

India Asia Power Index 2026: বিনিয়োগের তালিকায় চিনকে টপকে গেল ভারত, এশিয়ার নেতৃত্বের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে মোদী
এশিয়ার নেতৃত্বের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: TV9 Bangla
| Updated on: Nov 23, 2026 | 3:57 PM
Share

নয়াদিল্লি: এশিয়ায় অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে ক্রমশ নিজের অবস্থান মজবুত করছে ভারত। অস্ট্রেলিয়ার লোয়ি ইনস্টিটিউট প্রকাশিত সর্বশেষ ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’-এ আমেরিকা ও চিনের পরেই তৃতীয় স্থানে রয়েছে ভারত। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০১৮ সালে এই ক্রমতালিকা চালু হওয়ার পর থেকে এই প্রথম চিনের সঙ্গে ভারতের ব্যবধান এতটা কমে এসেছে। এদিকে, এশিয়ার নেতৃত্বের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

সূচকে ভারতের সামগ্রিক স্কোর ০.৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৪০.৫। এশিয়ায় প্রভাবশালী হিসেবে আমেরিকা ও চিনের পর ভারতই একমাত্র দেশ, যাকে বৃহৎ শক্তি বা ‘মেজর পাওয়ার’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। চিনের স্কোর ০.১ পয়েন্ট কমে হয়েছে ৭৩.৬। অন্যদিকে, ৭৮.৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থান ধরে রেখেছে আমেরিকা।

এশিয়ার প্রথম সারির ১০টি শক্তিশালী দেশের মধ্যে ভারতের অগ্রগতি সবচেয়ে বেশি। প্রতিরক্ষা ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধি, কূটনৈতিক প্রভাব এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি ভারতের এই সাফল্যের অন্যতম কারণ।

এশিয়ার নেতৃত্বের তালিকায় পঞ্চম থেকে দ্বিতীয় স্থানে মোদী-

২০২৬ সালের মূল্যায়নে অন্যতম উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আঞ্চলিক নেতৃত্বের ক্রমতালিকায় তিন ধাপ এগিয়ে পঞ্চম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। লোয়ি ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী, এশিয়ার দ্বিতীয় সবচেয়ে কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন মোদী। তাঁর আগে রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

তবে রিপোর্টে বলা হয়েছে, বিশ্বমঞ্চে মোদীর নেতৃত্ব এবং কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে বিশেষজ্ঞদের ধারণা কিছুটা দুর্বল হয়েছে। উপসাগরীয় সংঘাতের সময় ভারতের তুলনামূলকভাবে সীমিত কূটনৈতিক ভূমিকার বিষয়টিও এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিনিয়োগ টানতে চিনকে টপকে দ্বিতীয় স্থানে ভারত-

বিনিয়োগের জন্য আকর্ষণীয় দেশগুলির তালিকাতেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত। এই বিভাগে আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। পিছনে পড়েছে চিন। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে আসা মোট বিদেশি বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী, এই সময়ে ভারতে মোট ৫৮১ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। অন্যদিকে, চিনে বিনিয়োগের পরিমাণ ৫০৬ বিলিয়ন মার্কিন ডলার। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে এই পরিসংখ্যান আন্তর্জাতিক বিনিয়োগের গন্তব্য হিসেবে ভারতের ক্রমবর্ধমান জনপ্রিয়তার ইঙ্গিত দিচ্ছে।

সামরিক বাহিনী ও ভবিষ্যতের কর্মক্ষম জনশক্তির সম্ভাবনায় প্রথম ভারত-

লোয়ি ইনস্টিটিউটের সামরিক বাহিনী সংক্রান্ত মূল্যায়নে প্রথম স্থান দখল করেছে ভারত। এই বিভাগে ১০০-র মধ্যে ভারত ১০০ পেয়েছে। চিনের স্কোর ৮৫.৩ এবং আমেরিকার ৬৪.৮। সামরিক বাহিনীর কর্মীসংখ্যা, প্রস্তুতি এবং সাংগঠনিক কাঠামোর মতো বিষয়গুলি বিবেচনা করে এই মূল্যায়ন করা হয়েছে। তবে এর অর্থ সামগ্রিক সামরিক শক্তির নিরিখে ভারত বিশ্বের শীর্ষে, এমনটা নয়। সামগ্রিক সামরিক সক্ষমতার বৃহত্তর বিভাগে ভারতের স্থান চতুর্থ।

অন্যদিকে, ২০৫০ সাল পর্যন্ত জনসংখ্যাগত সম্পদের সম্ভাবনার নিরিখেও প্রথম স্থান পেয়েছে ভারত। এই বিভাগে ভারতের স্কোর ১০০। দেশের বিপুল কর্মক্ষম বয়সের জনসংখ্যা ভবিষ্যতে অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে বড় সম্ভাবনা তৈরি করছে।

ভারতের সাম্প্রতিক এই র‍্যাঙ্কিংয়ের তাৎপর্য কী?

২০২৪ সালে প্রথমবার জাপানকে পিছনে ফেলে এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে উঠে এসেছিল ভারত। পরপর তিনটি সংস্করণে সেই স্থান ধরে ভারত রাখতে সক্ষম হয়েছে। লোয়ি ইনস্টিটিউটের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে ভারতের আঞ্চলিক প্রভাব বাড়লেও অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা দেখা গিয়েছে। তবে সামগ্রিক স্কোরের নিরিখে চিন এখনও ভারতের চেয়ে অনেকটা এগিয়ে। চিনের স্কোর ভারতের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি।

তা সত্ত্বেও, সর্বশেষ এই ক্রমতালিকা দেখাচ্ছে, কূটনৈতিক প্রভাব, প্রতিরক্ষা ক্ষেত্রে অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনাকে হাতিয়ার করে এশিয়ায় নিজেদের অবস্থান ক্রমশ শক্তিশালী করছে ভারত।

Follow Us