Ashwini Vaishnaw: সেমিকন্ডাকটার ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড হয়ে উঠবে ভারত: অশ্বিনী বৈষ্ণব
Ashwini Vaishnaw: ল্যাপটপ থেকে সার্ভার সবকিছুই ভারতে তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন সেমিকনডাকটারের ক্ষেত্রে ভারতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আগামিদিনে ভারত সেমিকনডাকটারের ক্ষেত্রে বিশ্বের 'ক্যাপিটালে' পরিণত হবে বলে উল্লেখ করেছেন তিনি।

নয়া দিল্লি: ইউপিআই হোক বা এআই- সব ক্ষেত্রেই ভারত কীভাবে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করেছে, TV9-এর মঞ্চে সে কথা উল্লেখ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবার TV9 নেটওয়ার্কের কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-র মঞ্চে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নিয়মে বাঁধা থাকলেও উদ্ভাবনে পিছিয়ে থাকবে না ভারত। তিনি উল্লেখ করেন, ইউপিআই হোক বা এআই, নিয়ম-কানুন মেনে যে কাজগুলো করা হয়েছে সেগুলো আজ সফল। কাজের ক্ষেত্রে নিয়ম মানা জরুরি বলে উল্লেখ করেছেন তিনি।
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের চ্যালেঞ্জগুলি সম্পর্কে কথা বলতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন, নতুন প্রযুক্তি কেবলমাত্র মানুষের জন্যই কার্যকর হবে। সবার কথা মাথায় রেখেই যে কোনও প্রযুক্তি কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।
ল্যাপটপ থেকে সার্ভার সবকিছুই ভারতে তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, সেমিকন্ডাকটারের ক্ষেত্রে ভারতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আগামিদিনে ভারত সেমিকন্ডাকটারের ক্ষেত্রে বিশ্বের ‘ক্যাপিটালে’ পরিণত হবে বলে উল্লেখ করেছেন তিনি। অশ্বিনী বৈষ্ণব বলেন, “ভারত হয়ে উঠছে সেমিকন্ডাকটার ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। কেউ আটকাতে পারবে না।”
অন্যদিকে, রেল মন্ত্রক কীভাবে স্টেশনগুলির ভোল বদলে দিচ্ছে, সে কথাও উল্লেখ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ১০ বছর আগেও এমন ছিল না। স্টেশনে ঢুকতে হত নাক বন্ধ করে। এখন সব স্টেশন পরিষ্কার করা হয়েছে। আগামিদিনে আরও পরিবর্তন দেখা যাবে। বন্দে ভারতের প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সবুজ বা পরিবেশ বান্ধব বন্দে ভারত নিয়ে চিন্তাভাবনা রয়েছে সরকারের।
