Indian Student in Russian Army: পড়তে গিয়ে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ ভারতীয় পড়ুয়ার! বাবার আবেদনে কী বলল সুপ্রিম কোর্ট?
Indian student joins Russian Army: পরিবারের আশঙ্কা, অবিনেশকে দিয়ে এমন কিছু নথিতে সই করানো হয়ে থাকতে পারে কিংবা এমন কোনও চুক্তিতে তাঁকে রাজি করানো হয়ে থাকতে পারে, যার অর্থ তিনি সম্পূর্ণভাবে বুঝতে পারেননি। এমনকী, তাঁকে ভুল বুঝিয়ে বা জোর করেও এসব করানো হয়ে থাকতে পারে বলে আশঙ্কা পরিবারের।

নয়াদিল্লি: পড়াশোনার জন্য ছাত্র ভিসায় রাশিয়ায় গিয়ে সে দেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এক ভারতীয় পড়ুয়া। ছেলেকে দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর বাবা। সেই আবেদনের ভিত্তিতে মানবিক কারণে বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য কেন্দ্রীয় সরকারকে বিবেচনা করতে বলল শীর্ষ আদালত। সম্প্রতি প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে আদালত।
তবে আদালত মনে করছে, এই ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপের সুযোগ সীমিত হতে পারে। কারণ, আবেদনকারীর ছেলে সম্ভবত ভারতীয় নাগরিকত্ব ছেড়ে রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছেন। সলিসিটর জেনারেল আদালতকে জানিয়েছেন, রুশ কর্তৃপক্ষ ভারতীয় দূতাবাসকে জানিয়েছে যে ওই পড়ুয়া রাশিয়ার নাগরিকত্ব নিয়েছেন। ফলে ভারতের তরফে হস্তক্ষেপের সুযোগ সীমিত। ২০২৭ সালের জানুয়ারি মাসে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
আবেদনকারীর দুই ছেলে। তার মধ্যে ছোট ছেলে অবিনেশ বর্তমানে রাশিয়ায় আটকে রয়েছেন বলে অভিযোগ। গত এপ্রিল মাসে আরও তিন পড়ুয়ার সঙ্গে ছাত্র ভিসায় রাশিয়ায় গিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে পাওয়া এক এজেন্টের সাহায্য নিয়ে রাশিয়ায় যাওয়ার ব্যবস্থা করেছিলেন অবিনেশ। সেখানে পৌঁছনোর পর ১৯ জুলাই শেষবার তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন বাবা ও পরিবারের অন্য সদস্যরা। তারপর থেকে অবিনেশ কিংবা তাঁর সঙ্গে যাওয়া বাকি তিন পড়ুয়ার সঙ্গে আর সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে অবিনেশের দাদা ভাইয়ের ইমেল অ্যাকাউন্ট খোলেন। সেখানে বেশ কিছু নথি দেখতে পান তিনি। সেই নথির মধ্যে ছিল রুশ সেনাবাহিনীর পরিচয়পত্র এবং সামরিক ট্যাগ। অবিনেশ রাশিয়ার নাগরিকত্ব নিয়ে সে দেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে থাকতে পারেন, এমন আশঙ্কা থেকে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয় তাঁর পরিবার। অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানানো হয়। পরিবারের আশঙ্কা, অবিনেশকে দিয়ে এমন কিছু নথিতে সই করানো হয়ে থাকতে পারে কিংবা এমন কোনও চুক্তিতে তাঁকে রাজি করানো হয়ে থাকতে পারে, যার অর্থ তিনি সম্পূর্ণভাবে বুঝতে পারেননি। এমনকী, তাঁকে ভুল বুঝিয়ে বা জোর করেও এসব করানো হয়ে থাকতে পারে বলে আশঙ্কা পরিবারের।
পরিবারকে রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছিল, বিষয়টি তারা রুশ প্রতিরক্ষা মন্ত্রকের কাছে উত্থাপন করেছে এবং অবিনেশকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। দূতাবাসের তরফে কিছু নথিও পাঠানো হয়। সেখানে জানানো হয়, অবিনেশ রাশিয়ার নাগরিক হিসেবে স্বেচ্ছায় সে দেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এবং ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। পাশাপাশি, তিনি রাশিয়ার পাসপোর্টও পেয়েছেন বলে উল্লেখ করা হয়। রুশ কর্তৃপক্ষের কাছ থেকে কোনও জবাব পাওয়া গেলে বিদেশ মন্ত্রক অবিনেশের পরিবারকে তা জানাবে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল।
কিন্তু এই নতুন তথ্য সামনে আসার পর পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। কারণ, অবিনেশকে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি কোনও এলাকায় মোতায়েন করা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। সেই কারণেই ছেলেকে দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অবিনেশের বাবা।
আবেদনে বলা হয়েছে, “অবিনেশের আসল ভিসা বা অভিবাসন সংক্রান্ত অনুমতির মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকলে, এত অল্প সময়ের মধ্যে তিনি কীভাবে রাশিয়ার নাগরিকত্ব পেলেন এবং সে দেশের সেনাবাহিনীতে যোগ দিলেন, তা আবেদনকারীর কাছে বোধগম্য নয়।” আবেদনকারীর আরও আশঙ্কা, অবিনেশ এবং তাঁর সঙ্গে যাওয়া বাকি তিন পড়ুয়াকে রাশিয়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা এজেন্ট বা অন্য ব্যক্তিরা ভুল বুঝিয়ে থাকতে পারেন। তাঁদের যাতায়াত, চাকরি, পড়াশোনায় ভর্তি কিংবা অন্যান্য আনুষ্ঠানিকতার নামে কোনওভাবে চাপ সৃষ্টি করা হয়ে থাকতে পারে বলেও অভিযোগ।
