KMC Picture Controversy: মঙ্গলবার টাঙানো হল আম্বেদকর-সাভারকরের ছবি, বুধেই উধাও! পুরসভায় ছবি ঘিরে জোর বিতর্ক
Kolkata Municipality Corporation: পুরসভার কাউন্সিলর ক্লাব রুমে টাঙানো থাকে প্রয়াত কাউন্সিলর ও মেয়র পারিষদদের ছবি। সেই জায়গায় বীর সাভারকর, শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ একাধিক মনীষীর ছবি টাঙানো হয়। বিরোধীদের বক্তব্য, যে মনীষীদের ছবি টাঙানো হয়েছে, তাদের সঙ্গে কলকাতা পুরসভার কোনও সম্পর্কই নেই।

কলকাতা: কলকাতা পুরসভায় ছবি বিতর্ক। আম্বেদকরের ছবির পাশে সাভারকরের ছবি বসানো ঘিরে বিতর্ক শুরু হয়। বিতর্ক হতেই রাতারাতি খুলে ফেলা হল সেই ছবি। গতকালই কাউন্সিলর ক্লাব রুমে টাঙানো হয় সাভারকারের ছবি। কিন্তু আজ দেখা যায়, দেওয়ালে ছবি নেই। তবে কি বিতর্ক তুঙ্গে উঠতেই খুলে ফেলা হল ছবি? উঠছে প্রশ্ন।
বীর সাভারকর থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়- একাধিক ছবি বসিয়ে বিতর্কে পড়েছিল কলকাতা পৌরসভা। গতকাল, মঙ্গলবার কাউন্সিলর ক্লাব রুমের ভিতরে ছবি টাঙ্গানো হয়। বিতর্ক চরমে উঠতেই বুধবার সকালে এসে দেখা গেল, সেই ছবিগুলিকে খুলে দেওয়া হয়েছে।
পুরসভার কাউন্সিলর ক্লাব রুমে টাঙানো থাকে প্রয়াত কাউন্সিলর ও মেয়র পারিষদদের ছবি। সেই জায়গায় বীর সাভারকর, শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ একাধিক মনীষীর ছবি টাঙানো হয়। বিরোধীদের বক্তব্য, যে মনীষীদের ছবি টাঙানো হয়েছে, তাদের সঙ্গে কলকাতা পুরসভার কোনও সম্পর্কই নেই। গতকাল একবার ছবি টাঙিয়ে খুলে ফেলা হয়। ফের টাঙানো হয় ওই ছবি। আজ সকালে গিয়ে দেখা যায়, কোনও ছবিই নেই।
কলকাতা পৌরসভার কর্তৃপক্ষের সাফাই, ছবিগুলো আরও বড় আকারে তৈরি করা হচ্ছে। সেগুলি কলকাতা পুরসভার অন্দরমহলে বিভিন্ন জায়গায় বসানো হবে।
কিন্তু প্রশ্ন উঠছে, মঙ্গলবার অন্তত দু’বার টাঙ্গানো এবং খুলে ফেলা হয়েছে। এভাবে পরিকল্পনা বহির্ভূতভাবে কাজ করার কী প্রয়োজন? প্রয়াত কাউন্সিলর বা মেয়র পারিষদ ছবিগুলোকে নামিয়ে দিয়ে মনীষীদের ছবি টাঙ্গানোর প্রয়োজনীয়তা দেখা দিল কেন? যাদের সঙ্গে কলকাতা পুরসভার কোন সম্পর্ক নেই, তাদের ছবি পুরসভার টাঙানোর প্রয়োজনীয়তা কী? এই একাধিক প্রশ্ন ঘিরে যখন বিতর্ক চরমে উঠেছে, তখনই কলকাতা পুরসভার ছবি খুলে ফেলা নিয়েও নয়া বিতর্ক তৈরি হল।
