AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jammu & Kashmir: পরাজয় স্বীকার করলেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীই! কাকে ভোট দিল জম্মু-কাশ্মীর?

Jammu & Kashmir: মঙ্গলবার (৪ জুন), লোকসভা নির্বাচনের সম্পূর্ণ ফল সামনে আসার আগেই পরাজয় স্বীকার করে নিলেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীরের ৫ লোকসভা আসনের মধ্যে কোন দল জিতল কয়টি আসনে?

Jammu & Kashmir: পরাজয় স্বীকার করলেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীই! কাকে ভোট দিল জম্মু-কাশ্মীর?
ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিImage Credit: Twitter
| Updated on: Jun 04, 2024 | 4:36 PM
Share

শ্রীনগর: একজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বারামুলা লোকসভা আসন থেকে। আরেকজন লড়ছিলেন অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্র থেকে। মঙ্গলবার (৪ জুন), লোকসভা নির্বাচনের সম্পূর্ণ ফল সামনে আসার আগেই পরাজয় স্বীকার করে নিলেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি। বারামুলাতে নির্দল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক আব্দুল রশিদ শেখের বিরুদ্ধে প্রায় ১ লক্ষ ৯৮ হাজারের বেশি ভোটে পিছিয়ে গিয়েছেন। বর্তমানে এক ইউএপিএ মামলায় তিহার জেলে বন্দী আছেন আব্দুল রশিদ। অন্যদিকে, অনন্তনাগ-রাজৌরিতে, ন্যাশনাল কনফারেন্স-এর প্রার্থী মিয়াঁ আলতাফ আহমেদের বিরুদ্ধে ২ লক্ষ ৭৯ হাজার ভোটে পিছিয়ে মুফতি। জম্মু ও কাশ্মীরের ৫টি লোকসভা আসনের মধ্যে ২টি এগিয়ে রয়েছে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দল, দুটিতে এগিয়ে আছে বিজেপি আর একটিতে নির্দল প্রার্থী।

বুথ ফেরত সমীক্ষায় ওমর আবদুল্লার জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু, গোটা দেশের মতোই এখানেও ব্যর্থ বুথ ফেরত সমীক্ষা। রশিদ তিহার জেল থেকেই নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁর হয়ে প্রচার করেছিলেন তাঁর ছেলে, আবরার রশিদ। মঙ্গলবার বারামুলা ডিগ্রী কলেজে গণনার শুরু থেকেই এগিয়ে যান রশিদ। প্রতিটি রাউন্ড গণনার সঙ্গে সঙ্গে ব্যবধান ক্রমেই বেড়েছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ন্যাশনাল কনফারেন্স দলের সহ-সভাপতি বলেছেন, “আমি মনে করি এটা অনিবার্য হার মেনে নেওয়ার সময়। উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন। জয়ের ফলে তিনি কারাগার থেকে দ্রুত মুক্তি পাবেন বলে আমি মনে করি না। উত্তর কাশ্মীরের জনগণও লোকসভায় তাঁদের প্রতিনিধিকে পাবেন না। এটা তাঁদের অধিকার। ভোটাররা তাঁদের মত প্রকাশ করেছেন, গণতন্ত্রে এটিই গুরুত্বপূর্ণ।”

অন্যদিকে, এবারের নির্বাচনে ভরাডুবি হয়েছে পিপলস ডেমোক্রেটিক পার্টির। দলের সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী মিয়াঁ আলতাফের বিরুদ্ধে অনেকটাই পিছিয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় মেহবুবা মুফতি লিখেছেন, “জনগণের রায়কে সম্মান জানিয়ে আমি আমার পিডিপি কর্মী ও নেতাদের ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তারা কঠোর পরিশ্রম করেছেন, সমর্থন করেছেন। যারা আমায় ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা রইল। জয়-পরাজয় খেলারই অংশ এবং এতে আমাদের পথ বন্ধ হয়ে যাবে না। জয়ের জন্য মিয়াঁ সাহেবকে অভিনন্দন”।

এই দুই আসন ছাড়া, জম্মু ও কাশ্মীরের শ্রীনগর লোকসভা আসনে ন্যাশনাল কনফারেন্সের আগা সৈয়দ রুহুল্লা মেহেদি এগিয়ে রয়েছেন। বিজেপি সাংসদ জুগল কিশোর শর্মা এবং জিতেন্দ্র সিং যথাক্রমে জম্মু ও উধমপুর আসন থেকে এগিয়ে রয়েছেন।

Follow Us