SFI-এর কালো পতাকা, রাস্তাতেই অবস্থানে রাজ্যপাল! সুরক্ষা বাড়াল কেন্দ্র
Kerala governor Arif Mohammad Khan: কোল্লাম সফরে গিয়ে, শাসক দল সিপিআইএম-এর ছাত্র শাখা স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া বা এসএফআই কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। এরপরই, রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গাড়ি থেকে নেমে সেখানেই অবস্থানে বসেন রাজ্যপাল। তাঁর নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র।

কোচি: শনিবার (২৭ জানুয়ারি) এক অদ্ভূত দৃশ্যের সাক্ষী থাকল কেরলের কোল্লাম জেলার নীলমেল এলাকার মানুষ। প্রোটোকল ভেঙে রাস্তায় অবস্থান বিক্ষোভে বসলেন রাজ্যপাল! এদিন নিলমেল সফরে গিয়ে, শাসক দল সিপিআইএম-এর ছাত্র শাখা স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া বা এসএফআই কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। বিক্ষোভের মুখে তাঁর কনভয় থেমে যায়। এরপর, এসএফআই কর্মীরা তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখায়। তাঁর বিরুদ্ধে ব্যানার প্রদর্শন করে। রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এরপরই, এসএফআই-এর বিক্ষোভ থামাতে রাজ্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে, গাড়ি থেকে নেমে পড়েন রাজ্যপাল। বিক্ষোভরত এসএফআই কর্মীদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সেখানেই বিক্ষোভে বসেন।
এদিন, কোল্লামে কোত্তারাক্কায় যাচ্ছিলেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। সেখানে, একটি আশ্রমের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করার কথা ছিল তাঁর। ভারী পুলিশি প্রহরাতেই যাচ্ছিল রাজ্যপালের কনভয়। পথে নিলমেল এলাকায় একটি বেসরকারি কলেজের এসএফআই কর্মীরা রাস্তার ধারে জড়ো হয়ে রাজ্যপাল বিরোধী স্লোগান দিতে থাকে। কালো পতাকা, পোস্টার-ব্যানার হাতে তারা রাজ্যপালের কনভয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় কর্তব্যরত পুলিশরা তাদের বাধা দেয়। এই নিয়ে পুলিশ ও এসএফআই কর্মীদের মধ্যে ধস্তাধস্তিও বাধে। ওই অবস্থায় আটকে যায় রাজ্যপালের কনভয়।
#WATCH | “I will not leave from here. Police is giving them protection, ” says Governor Arif Mohammed Khan after SFI activists held a protest against him in Kollam. Police present on the spot https://t.co/nQHF9PWqpr pic.twitter.com/RHFFBRCh9s
— ANI (@ANI) January 27, 2024
এরপরই ওই জায়গায় নেমে পড়েন রাজ্যপাল। বিক্ষোভকারীদের দিকে আগ্রাসীভাবে এগিয়ে যান তিনি। তাঁকে গাড়ি থেকে নেমে আসতেদেখে এসএফআই কর্মীরাও আরও উৎসাহে স্লোগান দিতে থাকে। পরে, পুলিশ কর্তাদের কাছে রাজ্যপাল অভিযোগ করেন, বিক্ষোভকারীদের আটক করার বদলে, রাজ্য পুলিশ তাদের সুরক্ষা দিচ্ছে। এর শেষ না দেখে তিনি ওই স্থান ছাড়বেন না বলে গোঁ ধরে থাকেন। রাগান্বিতভাবে পুলিশ সদস্যদের লক্ষ্য করে তিনি বলেন, “আমি এখান থেকে যাব না। পুলিশ ওদের সুরক্ষা দিচ্ছে। যদি পুলিশই আইন ভাঙতে সাহায্য করে, তবে কে আইন শৃঙ্খলা রক্ষা করবে কে?”
পরে জেলা পুলিশের কর্তাদের আশ্বাসে তিনি ওই স্থান ছাড়েন। কেরলের রাজ্যপালকে ঘিরে এই বিক্ষোভের খবর পৌঁছায় নয়া দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকেও। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রক কেরলের রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তাঁকে জ়েড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে। বস্তুত, এর আগেও রাজ্যের অন্যত্র এসএফআই-এর বিরোধিতার মুখে পড়তে হয়েছে রাজ্যপালকে। যা নিয়ে অতীতেও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। ইদুক্কি এবং তিরুবনন্তপুরমেও তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল এসএফআই কর্মীরা। এর পিছনে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন আরিফ মহম্মদ খান।
