
নয়া দিল্লি: ভোটের মুখে আরও এক বড় চমক দিতে পারে মহারাষ্ট্রের রাজনীতি। হালচাল দেখে অন্তত তেমনই মনে হচ্ছে। কানাঘুষো ছড়িয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা খুব শীঘ্রই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে সামিল হতে পারে। আর সেটা হলে, লোকসভা ভোটের মুখে তা অবশ্যই একটি বড় চমক হতে চলেছে। এসব নিয়ে যখন চর্চা চলছে, তখন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিজেপির সঙ্গে বন্ধুত্ব নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিল একটি বৈঠক। শাহি দুয়ারে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। মঙ্গলবার রাজধানী দিল্লিতে গিয়ে মোদীর সেনাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন রাজ ঠাকরে। রুদ্ধদ্বার বৈঠক হয় দুই নেতার। রাজ ঠাকরের সঙ্গে তাঁর ছেলে অমিত ঠাকরেও দিল্লিতে গিয়েছেন। লোকসভা নির্বাচনের ঠিক মুখে, একদিকে যখন বিজেপির সঙ্গে রাজ ঠাকরের বন্ধুত্ব নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে, তখন এই বৈঠক সেই জল্পনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর, সোমবার রাতেই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন রাজ ঠাকরে। জানা যাচ্ছে, সেই সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এবং মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলেও উপস্থিত ছিলেন দিল্লিতেই। জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে লোকসভা ভোটের আগেই এনডিএ-র সঙ্গে সামিল হতে পারেন রাজ ঠাকরেরা। সূত্রের খবর, সেক্ষেত্রে আসন্ন লোকসভা ভোটে মহারাষ্ট্র থেকে দুটি লোকসভা আসন চাইতে পারেন তাঁরা – দক্ষিণ মুম্বই ও শিরডি।
সম্পর্কের দিক থেকে রাজ ঠাকরে হলেন শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বাল ঠাকরের ভাইপো। আর উদ্ধব ঠাকরে বর্তমানে রয়েছেন মহারাষ্ট্রের বিরোধী শিবিরে। শিবসেনা ভেঙে যাওয়ার পর মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারভেকর জানুয়ারিতেই জানিয়ে দিয়েছিলেন শিন্ডে শিবিরের শিবসেনাই হল আসল শিবসেনা। বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন শিন্ডে। চলছে বিজেপি, অজিত পাওয়ারের এনসিপি ও শিন্ডের শিবসেনার এক জোট সরকার। এমন অবস্থায় রাজ ঠাকরেরা যদি বিজেপির সঙ্গে বন্ধুত্ব করে, তবে মহারাষ্ট্রের শাসক মহাজোট আরও শক্তিশালী হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।