CJP Protest: ১০ মিনিটের বৈঠকে ‘ককরোচ জনতা পার্টি’কে আশ্বাস দিলেন জে পি নাড্ডা
J P Nadda meets CJP: সিজেপি-র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এদিন নাড্ডার সঙ্গে দেখা করেন। ১০ মিনিটের কথোপকথন হয় এদিন। বৈঠক থেকে বেরিয়ে সৌরভ দাস জানান, জে পি নাড্ডা তাঁদের কথা শুনেছেন। তাঁদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।

নয়া দিল্লি: সোমবার সকাল থেকে বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। ককরোচ জনতা পার্টির (CJP) নেতৃত্বে যে বিক্ষোভ শুরু হয়, তা ক্রমশ এগিয়ে যায় সংসদ ভবনের দিকে। এই আবহেই বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করার বার্তা দেন জে পি নাড্ডা (J P Nadda)। ‘ককরোচ জনতা পার্টি’র দুই প্রতিনিধির সঙ্গে এদিন নিজের বাসভবনে দেখা করেন তিনি।
সিজেপি-র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এদিন নাড্ডার সঙ্গে দেখা করেন। ১০ মিনিটের কথোপকথন হয় এদিন। বৈঠক থেকে বেরিয়ে সৌরভ দাস জানান, জে পি নাড্ডা তাঁদের কথা শুনেছেন। তাঁদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। তবে কোনও প্রতিশ্রুতি দেননি বলে দাবি করেছেন ওই দুই প্রতিনিধি। সৌরভ দাস আরও জানান, জে পি নাড্ডা নির্দিষ্ট স্তরে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে দাবিপূরণ না হলে, আন্দোলন থামবে না বলে জানিয়েছেন তাঁরা।
সিজেপি-র তরফে একটি চিঠি দেওয়া হয়েছে জে পি নাড্ডাকে। মূলত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরা। তবে জে পি নাড্ডা বা কেন্দ্রীয় সরকারের তরফে এই বৈঠক নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।
এদিনই দিল্লিতে বিক্ষোভ চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন ধর্মেন্দ্র প্রধান। শাহের দফতরেই তাঁর সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী।
