TMC-BJP: হাতছাড়া একের পর এক পঞ্চায়েত, অনাস্থা ভোটে তৃণমূলের বিক্ষুব্ধ সদস্যদের সমর্থনে বাজিমাত বিজেপির
BJP in Bankura: বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের ১৭ টি আসনের মধ্যে ১৩ টি আসনে তৃণমূল, ৩ টি আসনে বিজেপি ও ১ টি সিপিএম জয়লাভ করে। সংখ্যাগরিষ্ঠ আসন তৃণমূলের দখলে থাকায় স্বাভাবিকভাবেই ওই গ্রাম পঞ্চায়েতে এতদিন বোর্ড পরিচালনা করে এসেছে তৃণমূল।

বাঁকুড়া: বদলের বাংলায় আরও চাপ বাড়ছে তৃণমূলের। পুরসভার পাশাপাশি হাতছাড়া হচ্ছে একের পর এক গ্রাম পঞ্চায়েত। বাঁকুড়া জেলায় আরও একটি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। অনাস্থা ভোটে তৃণমূলের বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যদের সমর্থন নিয়ে এদিন অনাস্থা ভোটে জিতে বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হিসাবে নির্বাচিত হন বিজেপির রিয়া চন্দ্রাধূর্য। ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই জেলার রাজনৈতিক আঙিনায় শুরু হয়েছে চাপানউতোর।
বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের ১৭ টি আসনের মধ্যে ১৩ টি আসনে তৃণমূল, ৩ টি আসনে বিজেপি ও ১ টি সিপিএম জয়লাভ করে। সংখ্যাগরিষ্ঠ আসন তৃণমূলের দখলে থাকায় স্বাভাবিকভাবেই ওই গ্রাম পঞ্চায়েতে এতদিন বোর্ড পরিচালনা করে এসেছে তৃণমূল। কিন্তু সেই ক্ষমতা এবার চলে গেল। ক্ষমতায় এল বিজেপি।
সম্প্রতি রাজ্যে পালাবদলের পর ৩ জুলাই ওই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আনে বিজেপি। এদিন অনাস্থা ভোটে বিজেপিকে সমর্থন করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বিক্ষুব্ধ অংশ। ১৭ সদস্যের ওই গ্রাম পঞ্চায়েতে ৯টি ভোট পেয়ে বিজেপি তৃণমূলের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। এদিন ওই গ্রাম পঞ্চায়েতে প্রধান হিসাবে নির্বাচিত হন বিজেপির রিয়া চন্দ্রাধূর্য। গ্রাম পঞ্চায়েতে পালাবদল নিশ্চিত হওয়ার পর গঙ্গাজল ছিটিয়ে ওই গ্রাম পঞ্চায়েত শুদ্ধিকরণ করা হয় বিজেপির তরফে। প্রধান হিসাবে নির্বাচিত রিয়া চন্দ্রাধূর্যর দাবি, আগামীতে রাজ্য ও কেন্দ্রের সমস্ত জনহিতকর প্রকল্পগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে তাঁদের একমাত্র লক্ষ্য।
