
মুম্বই: গেরুয়া শিবিরে বয়স ৭৫, মানে এবার অবসরগ্রহণের পালা। আর এই বয়স সীমা নিয়ে বিতর্কেরও অভাব নেই। এদিকে সঙ্ঘ পরিবারের প্রধান মোহন ভগবতের বয়সও ৭৫-এ গড়িয়েছে। কিন্তু তিনি অবসর নেননি। যা নিয়ে অন্তরালে তৈরি হয়েছিল প্রশ্ন।
রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের একটি সভায় সেই বয়স বিতর্ক নিয়ে উঠল প্রশ্ন। ৭৫-এ পা দিয়েও কেন পদ থেকে সরে দাঁড়াননি তিনি? উত্তরে মোহন ভগবত বললেন, “সংগঠন আমাকে এখনও এই পদের দায়িত্ব পালন করতে বলেছে। তাই আমি এখানে রয়েছি। আমি তো আরএসএস-কে জানিয়েছিলাম, আমার ৭৫ বছর বয়স হয়ে গিয়েছে। কিন্তু ওরাই চায়, আমি কাজ করি। যে দিন ওরা এই পদ থেকে সরে যেতে বলবে, সেদিন সরেও যাব। কিন্তু আমি কোনও অবসরগ্রহণ করব না।”
তবে তিনি নিজে অবসরগ্রহণ থেকে বিরত থাকার কথা বললেও, গতবছর এই প্রসঙ্গে তাঁর বার্তা ছিল অন্যরকম। নাগপুরের একটি সভায় সরসঙ্ঘচালক বলেছিলেন, “যখন ৭৫ বছর বয়সে কেউ আপনাকে অত্য়ন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন আপনাকে এখানেই থামতে হবে। অন্য়ের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।”
যদিও একাংশের রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, ইঙ্গিতপূর্ণ এই বার্তার মধ্য়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেনে নিয়েছিলেন তিনি। তাঁকে ঘিরেও উস্কে দিয়েছিলেন অবসর নেওয়ার জল্পনা। কারণ, চলতি বছরে উভয়েই কয়েকদিনের ব্য়বধানে পা দিয়েছেন ৭৫ বছর বয়সে। এদিন মোহন ভগবত আরও বলেন, “সঙ্ঘ পরিবার তাঁর প্রতিটি কর্মীকে শেষ রক্তবিন্দু পর্যন্ত কাজ করাতে বিশ্বাসী। তাই এখনও পর্যন্ত আরএসএস-এর ইতিহাসে এমন কোনও দিন আসেনি, যখন কোনও কর্মী এই সংগঠন থেকে অবসরগ্রহণ করছেন।”